পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

রান্নার জন্য পাতা আনতে গিয়ে ককটেল বিস্ফোরণে গৃহবধূ আহত

তাঁকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়েছে

প্রতিনিধি মাদারীপুর
ককটেল বিস্ফোরণ
ককটেল বিস্ফোরণ | প্রতীকী ছবি

মাদারীপুরের কালকিনিতে রান্নার জন্য শুকনা পাতা বের করতে গিয়ে ককটেল বিস্ফোরণে রাশিদা বেগম (৪০) নামের এক নারী আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের টুমচর এলাকায় এ ঘটনা ঘটে।


আহত রাশিদা বেগম টুমচর এলাকার বাচ্চু সরদারের স্ত্রী। তাঁর বাঁ পায়ের হাঁটুর নিচের অংশের চামড়া উঠে গেছে। তাঁকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রান্নার জন্য একটি বস্তা থেকে গাছের শুকনা পাতা বের করছিলেন রাশিদা বেগম। এ সময় পাতার ভেতরে থাকা একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে তাঁর বাঁ পায়ের হাঁটুর নিচের অংশের চামড়া উঠে গিয়ে জখম হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে কালকিনি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।


স্থানীয় সূত্রে আরও জানা গেছে, কয়েক দিন আগে ঘটনাস্থলের কাছাকাছি আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ওরফে মিলন সরদারসহ তাঁর পক্ষের কয়েকটি বাড়িঘরে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিশেষজ্ঞ দলের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় ব্যক্তিদের ধারণা, ওই হামলার সময় একটি ককটেল বিস্ফোরিত না হয়ে রাশিদা বেগমের রান্নাঘরে পড়ে ছিল।


কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, বিস্ফোরকটি পরিত্যক্ত অবস্থায় রান্নাঘরে পড়ে ছিল। ওই নারী রান্নার জন্য বস্তা থেকে পাতা তুলতে গেলে ককটেলটি বিস্ফোরিত হয়। এতে তাঁর পায়ে কিছুটা জখম হয়েছে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.