পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

দাবি আদায়ে প্রেস ক্লাবের সামনে অটো চালকদের অবরোধ, রাজধানীতে অটো চলাচল কম

বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তুলনামূলক কম ছিল

নিজস্ব প্রতিবেদক ঢাকা
জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকেরা
জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকেরা | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকেরা। কয়েকটি দাবিতে সোমবার সকাল সাড়ে ১০টার পর থেকে শত শত চালক সেখানে অবস্থান নেন। এতে প্রেস ক্লাবের সামনের সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।


পূর্বঘোষিত এই কর্মসূচির কারণে সকাল থেকেই রামপুরা, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তুলনামূলক কম ছিল।


আন্দোলনে অংশ নেওয়া অটোরিকশা চালক মিল্লাদা মিয়া জানান, গ্যারেজগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদসহ বেশ কিছু দাবিতে তাঁরা এই পদক্ষেপ নিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না বলেও জানান।


সুমন নামে অন্য এক চালক অভিযোগ করেন, অটোরিকশা ডাম্পিং ও ট্রাফিক পুলিশের ধারাবাহিক হয়রানির শিকার হচ্ছেন তাঁরা। গাড়ি আটক করা হলে প্রতিটি ক্ষেত্রে অন্তত ৫ হাজার টাকা করে জরিমানা বা মামলা দেওয়া হচ্ছে।


চালকদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে—নির্ধারিত সড়কগুলোতে অবাধে অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া, পুলিশি হয়রানি বন্ধ করা এবং জীবিকার নিরাপত্তায় সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা। অনিয়ম থাকলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে, তবে ঢালাও হয়রানি বন্ধের দাবি জানান তাঁরা।


এদিকে অবরোধের প্রভাবে আশপাশের প্রধান প্রধান সড়কগুলোতেও যানজট ছড়িয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।


সার্বিক পরিস্থিতি নিয়ে রমনা বিভাগের উপ-কমিশনার জাহিদুল ইসলাম জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ও অপ্রীতিকর পরিস্থিতি রোধে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.