রাজধানীর পল্লবী, মহাখালী ও বাড্ডায় বাসে আগুন
বে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি
রাজধানীর পল্লবী ও মহাখালী এলাকায় দুটি বাসে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার রাত পৌনে ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ডিএমপির পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আশরাফুল ইসলাম বলেন, রাত ৮টা ৫০ মিনিটের দিকে পল্লবীর সিরামিক রোডে মিরপুর লিংক নামের একটি বাসে আগুন দেন দুর্বৃত্তরা। বাসটি রাস্তার পাশে পার্ক করা ছিল। বাসে কোনো যাত্রী ছিলেন না। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করছেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানার পুলিশ।
মহাখালীর আগুনের বিষয়ে গুলশান অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মুহাম্মদ জাহিদ হাসান বলেন, রাত ৯টা ২০ মিনিটের দিকে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের বাসটিতে আগুন লাগে। বাসটি গুলশান থেকে মহাখালীর দিকে আসছিল। কে বা কারা পেছন থেকে বাসটিতে আগুন দিয়েছে। তবে কেউ হতাহত হননি।
মুহাম্মদ জাহিদ হাসান বলেন, প্রথমে স্থানীয় লোকজনই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। তাঁরা আগুন নেভানোর কাজ করছেন।
রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেন দুর্বৃত্তরা।
বাড্ডা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন বলেন, যাত্রী সেজে দুজন ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যান। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।
এদিকে রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি এসে ককটেল ছুড়ে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানাধীন সামাদ সুপার মার্কেটের সামনে হানিফ ফ্লাইওভারের ওপর থেকে নিচে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার রাত ১০টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুটি ককটেল বিস্ফোরিত হলেও এতে কেউ হতাহত হননি।
দেশে ১৬ নভেম্বর পর্যন্ত গত ১০ দিনে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় দেশের বিভিন্ন স্থানে ৫৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এ সময় ককটেল বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পুলিশের দুটি স্থাপনাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মোট ৩৩টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬০ জনকে।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন দলটির নেতা-কর্মীরা। পুলিশ বলছে, এসব কর্মসূচিকে ঘিরে ঢাকাসহ বিভিন্ন জেলায় গাড়িতে আগুন দেওয়া এবং পুলিশের স্থাপনা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।