মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন
এতে বিএনপির চার থেকে পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন, যাঁদের মধ্যে দুজনের মাথায় আঘাত লেগেছে।
রাজধানীর মিরপুর-১৩ নম্বর সেকশন এলাকায় আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির চার থেকে পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন, যাঁদের মধ্যে দুজনের মাথায় আঘাত লেগেছে।
আজ বুধবার সকাল ৯টার দিকে মিরপুর-১৩-তে প্রিন্স বাজারের বিপরীত পাশে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকেরা সকালে ওই এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা তাঁদের বাধা দেন এবং কয়েকজন শ্রমিককে লাঠি দিয়ে আঘাত করেন। পরে শ্রমিকেরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষে আহত বিএনপির নেতা-কর্মীদের মিরপুর-১৪ এলাকার মার্কস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সকাল সোয়া ৯টার দিকে আন্দোলনরত শ্রমিকেরা মিরপুর-১৩-এর হারম্যান মেইনার কলেজের সামনে জড়ো হলে পুলিশ তিন থেকে চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশ জানিয়েছে, বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।