মিরপুরে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে জখম
এরপরও থামেননি ওই তরুণ। এলোপাতাড়ি কোপানোর পর তাঁকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যান।
দুপুরের খাবারের বিরতিতে সহকর্মীদের সঙ্গে কারখানা থেকে বাসার দিকে হাঁটছিলেন নূপুর আক্তার (২৬)। কিছু দূর যাওয়ার পর পেছন থেকে এক তরুণ এসে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপাতে শুরু করেন। আত্মরক্ষায় হাত দিয়ে আঘাত ঠেকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে রাস্তায় পড়ে যান তিনি। এরপরও থামেননি ওই তরুণ। এলোপাতাড়ি কোপানোর পর তাঁকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যান।
বুধবার বেলা সোয়া একটার দিকে রাজধানীর মিরপুরের রূপনগর থানার শিয়ালবাড়ী এলাকার ৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত নূপুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি রূপনগর এলাকার ভিশন অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন।
নূপুর ভোলার লালমোহনের মোখলেছুর রহমানের মেয়ে। তিনি রূপনগর আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় থাকেন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন নারীর সঙ্গে রাস্তা দিয়ে হাঁটছিলেন নূপুর। এ সময় পেছন থেকে কালো টি-শার্ট পরা এক তরুণ এসে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। নূপুর হাত দিয়ে আঘাত ঠেকানোর চেষ্টা করেন। পরে মাটিতে পড়ে গেলেও হামলাকারী তাঁকে কোপাতে থাকেন। সঙ্গে থাকা নারীরা ভয়ে দূরে সরে যান। আশপাশের কয়েকজন তাঁকে থামতে বললেও এগিয়ে যাওয়ার সাহস পাননি। হামলার পর তরুণটি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পুলিশ বলছে, এ ঘটনায় রায়হান নামের ওই তরুণকে আটক করা হয়েছে। তাঁর সঙ্গে নূপুরের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তাঁদের দুজনের মুঠোফোন পরীক্ষা করে সম্পর্কের বিষয়ে বার্তা আদান-প্রদানের তথ্য পাওয়া গেছে। সম্পর্কের টানাপোড়েন বা মনোমালিন্যের কারণে রায়হান ক্ষিপ্ত হয়ে নূপুরকে আঘাত করেছেন। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
ঘটনার বিষয়ে এক প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রেমঘটিত কারণেই নূপুরকে কোপানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। রায়হানকে আটক করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নূপুরের ফুফাতো ভাই আবদুল মান্নান বলেন, ‘নূপুরের আগামী মাসের ১২ তারিখে বিয়ের দিন ঠিক হয়েছিল। সে কারণে তাকে আঘাত করা হতে পারে।’