পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

মিরপুরে যুবলীগের সাধারণ সম্পাদক নিখিলের বাসায় ছাত্রদলের হামলা, ভাঙচুর

এ সময় বাসার ভেতরে থাকা আসবাব ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেন তাঁরা।

নিজস্ব প্রতিবেদক ঢাকা
যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বাসায় হামলা
যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বাসায় হামলা | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজধানীর মিরপুরে নিষিদ্ধ সংগঠন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের বাসায় হামলা চালিয়েছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। এ সময় বাসার ভেতরে থাকা আসবাব ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেন তাঁরা।


বুধবার রাত ৯টার দিকে মিরপুর ৭ নম্বর সেকশনের মল্লিকা হাউজিংয়ের ছয়তলা বাসার নিচতলায় এ হামলা ও ভাঙচুর চালানো হয়। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতা–কর্মীরা এই হামলা চালিয়েছেন বলে জানা গেছে। ২০২৪ সালের ৫ আগস্টের আগপর্যন্ত মাইনুল হোসেন নিখিল এই বাসায় থাকতেন। ৫ আগস্টের অভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।


স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে ছাত্রদলের ৪০ থেকে ৫০ জনের একটি দল নিখিলের বাসায় যায়। বাসার নিচে থাকা নিখিলের কার্যালয়ের কাচ ভাঙচুর করেন ছাত্রদলের নেতা–কর্মীরা। পরে তাঁরা ভেতরে প্রবেশ করে আসবাব ও স্মারক ভাঙচুর করেন। একপর্যায়ে সেগুলোতে আগুন ধরিয়ে দেন। এ সময় ছাত্রদলের নেতারা ‘যুবলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আমার সোনার বাংলায়, যুবলীগের ঠাঁই নাই’ স্লোগান দেন। প্রায় আধা ঘণ্টা ভাঙচুরের পর তাঁরা সেখান থেকে চলে যান।


ভাঙচুরের ঘটনা স্বীকার করে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম আহমেদ বলেন, যুবলীগ একটি নিষিদ্ধ সংগঠন। এই সংগঠনের সাধারণ সম্পাদক নিখিলের নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। ককটেল বিস্ফোরণ, বাসে আগুন দেওয়া হচ্ছে। এই ভাঙচুরের মাধ্যমে তাঁকে সাবধান করা হলো।


আকরাম আহমেদ আরও বলেন, গোপালগঞ্জে সংসদ সদস্যসহ বিএনপির নেতা–কর্মীদের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে। মারধর করা হচ্ছে। তাঁরা যদি সাবধান না হন, দেশের কোথাও শান্তিতে থাকতে পারবেন না।


এদিকে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে ২৫ থেকে ৩০ জনের একটি দল মিছিল নিয়ে এসে বাসাটির নিচতলার গাড়ি রাখার স্থানে ভাঙচুর ও আগুন দেয়। এতে সেখানে থাকা একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে যায়। পাশাপাশি নিচতলায় নিরাপত্তাকর্মীদের কক্ষ ভাঙচুর করেন হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। বুধবার দুপুরে কাফরুলের উত্তর ইব্রাহিমপুরে। ছবি: পদ্মা ট্রিবিউন

বাড়িটির নিরাপত্তাকর্মী মো. বিজয় বলেন, দুপুরে একদল লোক বাড়িটিতে ঢুকে পড়েন। তাঁরা ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’ স্লোগান দেন। নিচতলায় থাকা আসবাব ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। নিচতলার একটি কক্ষও ভাঙচুর করেন। কক্ষটি একসময় মেজবাউল আলম সাচ্চুর কার্যালয় ছিল বলে জানান তিনি।


মো. বিজয় বলেন, ভাঙচুরে বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয়েছে। তাঁরা কোন দলের নেতা–কর্মী, তা তিনি জানেন না।


হামলা, ভাঙচুর ও আগুনের ঘটনা সম্পর্কে জানতে চাইলে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, তিনি ঘটনা শুনেছেন। তবে মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে বিস্তারিত খোঁজ নিতে পারেননি। এসব ঘটনায় ভুক্তভোগীরা আইনি সহায়তা চাইলে তা দেওয়া হবে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.