চট্টগ্রামে মধ্যরাতে পুলিশ বক্সে আগুন
মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
নগরের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বুধবার সকালে বলেন, ‘আগুন লাগার ঘটনা ঠিক আছে। তবে পুলিশ বক্সের সামনে কাপড়জাতীয় কোনো কিছুতে আগুন দেওয়া হয়েছিল। পরে সেখান থেকে আগুন বক্সে ছড়িয়ে পড়ে।’ তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে চিহ্নিত করা যায়নি। সকালে ভিডিও ধারণ করা ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এখন তা যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, নগরের মুরাদপুরে উড়ালসড়কের নিচে থাকা পুলিশ বক্সটিতে আগুন জ্বলছে। এর পাশ দিয়েই বিভিন্ন যানবাহন চলাচল করছে।