পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

টুঙ্গিপাড়া সরকারি কলেজের নাম পাল্টে আগের নামে ব্যানার টাঙাল ছাত্রলীগ

এ সময় তাঁরা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে দাপ্তরিক কাজসহ সব ক্ষেত্রে আগের নাম ব্যবহারের অনুরোধ জানান।

প্রতিনিধি গোপালগঞ্জ
টুঙ্গিপাড়া সরকারি কলেজের আগের নামের ব্যানার টাঙাল ছাত্রলীগ
টুঙ্গিপাড়া সরকারি কলেজের আগের নামের ব্যানার টাঙাল ছাত্রলীগ | ছবি: পদ্মা ট্রিবিউন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি কলেজে আগের নাম ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ বুধবার বেলা ১১টার দিকে কলেজের বাইরের দেয়ালে ব্যানারটি টাঙানো হয়। এ সময় তাঁরা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে দাপ্তরিক কাজসহ সব ক্ষেত্রে আগের নাম ব্যবহারের অনুরোধ জানান।


ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওসমান গনি এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেমাস রহমানের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী কলেজের অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে কথা বলেন।


এ সময় নেতা-কর্মীরা অধ্যক্ষকে বলেন, ‘“টুঙ্গিপাড়া সরকারি কলেজ” নামটি অন্তর্বর্তী সরকারের দেওয়া। ভবিষ্যতে কলেজের আগের নাম “সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ” ব্যবহারের জন্য অনুরোধ করছি।’


টুঙ্গিপাড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ারা আক্তার জানান, বেলা ১১টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজে এসে আগের নামের ব্যানার টাঙিয়ে দিয়েছেন। এ ছাড়া দাপ্তরিক সব কাজে আগের নাম ব্যবহার করতে এবং যেসব স্থানে ‘টুঙ্গিপাড়া সরকারি কলেজ’ লেখা আছে, সেগুলো পরিবর্তন করতে বলেছেন। তবে তাঁরা কোনো ভাঙচুর করেননি।


এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে কিছু জানানো হয়নি। তবে তিনি খোঁজখবর নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছেন।


এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে নিষিদ্ধ ছাত্রলীগের কুশলী ইউনিয়ন শাখার সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী নীলফা বয়রা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের ওপরের অংশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে দিয়ে আসেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.