আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের নেতা–কর্মীরা
দলটির সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন তাঁরা
প্রায় আড়াই বছর পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। রোববার রাতে তাঁরা সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে দলটির সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন তাঁরা।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গতকাল রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করেন। প্রথমে তাঁরা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সেখানে দাঁড়িয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন।
শপথে নেতা-কর্মীরা বলেন, যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে বাংলার বুকে ফিরিয়ে আনতে পারবেন না, ততক্ষণ তাঁদের সংগ্রাম চলবে। তাঁকে ফিরিয়ে আনতে তাঁরা রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করবেন।
পৌর যুবলীগের নেতা নুরুল ইসলাম নেতা-কর্মীদের শপথবাক্য পাঠ করান বলে জানা গেছে। পরে পৌর ছাত্রলীগের সভাপতি ইফতি জামানের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এর আগে সর্বশেষ ২০২৪ সালের ৭ আগস্ট বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছিলেন জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেদিনও তাঁরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছিলেন। এরপর দীর্ঘদিন সমাধিসৌধ কমপ্লেক্সে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ রাখে প্রশাসন। কমপ্লেক্সের তিনটি ফটকে পুলিশ মোতায়েন করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।