দেশে ফেরার পর গাজীপুরে মিছিলে নেতৃত্ব দিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, রাজধানীতেও বিক্ষোভ
ভারতে প্রায় দুই বছর আত্মগোপনে থাকার পর দেশে ফিরেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়ল ও তাঁর অনুসারীরা। শুক্রবার জুমার নামাজের পর গাজীপুর মহানগর ও সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় শতাধিক নেতাকর্মী নিয়ে এই মিছিল করা হয়।
গাজীপুর মহানগরের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুই থানার সীমানা ঘেঁষে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা অল্প সময়ের জন্য মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে।
দুই মিনিট ৩২ সেকেন্ডের এই মিছিলটি শ্রীপুরের পিয়ার আলী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান ঝলক সরকারের ফেসবুক আইডি থেকে সরাসরি সম্প্রচার (লাইভ) করা হয়। ভিডিওতে দেখা যায়, নাছির মোড়লের নেতৃত্বে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তিনি মহাসড়কে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নাছির মোড়ল আত্মগোপনে থেকে ফেসবুকে বিভিন্ন পোস্টের মাধ্যমে আলোচনায় ছিলেন। সম্প্রতি কলকাতায় গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সঙ্গেও তাঁকে দেখা গেছে।
এদিকে, মহাসড়কে ছাত্রলীগের এই মিছিলের প্রতিবাদে তাৎক্ষণিক পাল্টা মিছিল ও বিক্ষোভ করেছেন গাজীপুর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রলীগের মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
পরে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেনের নেতৃত্বে হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি মিছিল বের করা হয়। মিছিল শেষে জয়দেবপুর থানার সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।
অন্যদিকে, গতকাল ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী রাজধানীর রামপুরা টেলিভিশন কেন্দ্রের ৩ নম্বর গেট এলাকায় একটি বিক্ষোভ মিছিল করেছেন। মিছিল থেকে কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি এবং তুরাগে ছাত্রলীগ কর্মী হত্যাকাণ্ডের বিচারের দাবি জানানো হয়।