ছাত্রদল নেতার বিরুদ্ধে হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ,
এ ঘটনায় গুরুতর আহত এক কর্মচারীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিজয়-২৪ হলের দুই কর্মচারীকে কক্ষের দরজা বন্ধ করে মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত রাফির বিরুদ্ধে। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত এক কর্মচারীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত দুজন হলেন হলের বি ক্যাটাগরির চতুর্থ শ্রেণির কর্মচারী (এমএলএসএস) ময়নুল ইসলাম এবং জ্যেষ্ঠ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মারুফুর রহমান। ঘটনার পর ময়নুল ইসলামকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে করে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আহত মারুফুর রহমান বলেন, ‘ময়নুল ইসলাম প্রভোস্ট স্যারের কক্ষ থেকে আমার কক্ষে এলে তাঁকে বসতে বলি এবং একটি ফাইল দিই। এ সময় ছাত্রদল নেতা রিফাত রাফি এসে কক্ষের দরজা বন্ধ করে আমাদের মারধর শুরু করেন এবং আমাকেও থাপ্পড় দেন।’
তিনি আরও বলেন, ‘রিফাতের এলোপাতাড়ি ঘুষি ও লাথিতে ময়নুল ইসলাম জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। পরে অন্য কর্মকর্তা-কর্মচারীরা এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।’
তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত রাফি। তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত একটি ফাইল দীর্ঘদিন ধরে বুঝিয়ে দেওয়া হচ্ছিল না। এ ছাড়া সাবেক শিক্ষার্থীদের সঙ্গেও খারাপ আচরণ করা হয়েছে। আমি হলের অনিয়ম ও অবহেলার বিষয়ে কথা বলতে গিয়েছিলাম। কোনো মারামারির ঘটনা ঘটেনি, তাঁরা অভিনয় করছেন।’ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জহির রায়হান এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।
বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. হারুন আর রশিদ বলেন, এ বিষয়ে মঙ্গলবার জরুরি সভা ডাকা হয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসমাইল হোসেন বলেন, ‘খবর পেয়ে আমি হলে গিয়েছি এবং আহত কর্মচারীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। হল প্রভোস্টকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।’