ক্ষেপণাস্ত্রের জ্বালানি তৈরির রাসায়নিকসহ বাংলাদেশগামী জাহাজ আটক ইন্দোনেশিয়ায়
গত ৭ নভেম্বর উত্তর সুমাত্রার বেলাওয়ানের জলসীমায় জাহাজটিকে আটক করা হয়।
বাংলাদেশগামী একটি বাণিজ্যিক মালবাহী জাহাজ থেকে রকেট ও ক্ষেপণাস্ত্রের জ্বালানি তৈরিতে ব্যবহৃত ৪০৫ টন রাসায়নিক পদার্থ ‘সোডিয়াম পারক্লোরেট’ এবং লাখ লাখ অনিবন্ধিত সিম কার্ড জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী।
আফ্রিকার দ্বীপরাষ্ট্র কমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’ নামের জাহাজটি চীনের লিয়ানইউনগাং বন্দর থেকে বাংলাদেশের মোংলা বন্দরের দিকে আসছিল। গত ৭ নভেম্বর উত্তর সুমাত্রার বেলাওয়ানের জলসীমায় জাহাজটিকে আটক করা হয়।
নৌবাহিনীর প্রথম আঞ্চলিক কমান্ডের সদর দপ্তরে ইন্দোনেশীয় নৌবহরের কমান্ডার ভাইস অ্যাডমিরাল দেনিহ হেনদ্রাতার এক সংবাদ সম্মেলনের পর গত ২০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানায় ইন্দোনেশিয়ার নৌবাহিনী।
আন্তর্জাতিক জাহাজ চলাচল নজরদারি ওয়েবসাইট ‘ভেসেল ফাইন্ডার’-এর তথ্য অনুযায়ী, জাহাজটির ৮ নভেম্বর দুপুর ১২টায় মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল। তবে এই চালানের আমদানিকারক প্রতিষ্ঠান বা ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কাস্টমস সূত্র জানিয়েছে, সাধারণত আমদানি পণ্যের প্রাথমিক তালিকার মাধ্যমে আমদানিকারকের পরিচয় নিশ্চিত হওয়া যায়, যেখানে আমদানিকারক ও পণ্যের বিস্তারিত বিবরণ থাকে। কিন্তু জাহাজটি বাংলাদেশে পৌঁছানোর আগেই আটক হওয়ায় আমদানিকারকের পরিচয় নিশ্চিত করতে আরও তদন্ত প্রয়োজন।
ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানিয়েছে, জাহাজটি নির্ধারিত সময়ে মোংলায় না গিয়ে দেশটির জলসীমায় অনুমোদন ছাড়াই যাত্রাবিরতি করে। সে সময় জ্বালানি নেওয়ার প্রয়োজনের কথা জানিয়েছিল জাহাজ কর্তৃপক্ষ।
তবে জাহাজটির গতিবিধি ও চলাচলে অসংগতি ধরা পড়লে নৌবাহিনীর টহল জাহাজ ‘কেআরআই সিগালু-৮৫৭’ সেটিকে থামায়। অভিযোগ রয়েছে, জাহাজটি নৌবাহিনীর বেতার যোগাযোগের কোনো জবাব দেয়নি। তল্লাশির পর দেখা যায়, জাহাজটির আনুষ্ঠানিক নিবন্ধনের মেয়াদ স্থগিত ছিল এবং তাদের কাছে থাকা নথিপত্রও ভুয়া বলে সন্দেহ করা হচ্ছে।
জাহাজে থাকা মোট ৩৬টি কনটেইনারে তল্লাশি চালিয়ে ১৫টি কনটেইনার থেকে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট উদ্ধার করেন নৌবাহিনীর সদস্যরা। এ ছাড়া ৫৪টি কাঠের পাটাতনে লাখ লাখ অনিবন্ধিত খালি সিম কার্ড পাওয়া যায়।
প্রথম আঞ্চলিক কমান্ডের প্রধান রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ান জানান, সোডিয়াম পারক্লোরেট হলো একটি শক্তিশালী জারক রাসায়নিক, যা রকেট ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের কঠিন জ্বালানি তৈরিতে অপরিহার্য উপাদান হিসেবে ব্যবহৃত হয়। তিনি উল্লেখ করেন, জব্দ করা এই বিপুল পরিমাণ রাসায়নিক দিয়ে অন্তত ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব।
এই চালানটি বাংলাদেশে কার কাছে পাঠানো হচ্ছিল এবং এর প্রকৃত মালিক কে—তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র রহস্য ও উদ্বেগ তৈরি হয়েছে।
জাহাজের নাবিক, পণ্যের তালিকার গরমিল এবং এসব সামগ্রীর চূড়ান্ত প্রাপক কারা ছিল, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ।
তবে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান, চালানের প্রকৃত মালিক কিংবা এর পেছনে দায়ী ব্যক্তিদের নাম এখনো প্রকাশ করেনি দেশটির নৌবাহিনী। আন্তর্জাতিক নৌপথ ব্যবহার করে এমন সংবেদনশীল রাসায়নিক পরিবহনের ঘটনাটি আঞ্চলিক নিরাপত্তার জন্যও বড় আলোচনার জন্ম দিয়েছে।
সোডিয়াম পারক্লোরেট আসলে কী?
সোডিয়াম পারক্লোরেট একটি অত্যন্ত শক্তিশালী জারক রাসায়নিক। এটি শিল্পক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়; বিশেষ করে রকেটের জ্বালানি, বিভিন্ন ধরনের বিস্ফোরক ও আতশবাজি তৈরিতে এটি অপরিহার্য। এটি নিজে সরাসরি বিস্ফোরক বা জ্বালানি নয়, তবে নির্দিষ্ট পরিস্থিতিতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে সহায়ক হিসেবে কাজ করে।
শিল্প ও গবেষণাগারে এর বৈধ ব্যবহার থাকলেও আগুন ও বিস্ফোরণের তীব্র ঝুঁকির কারণে আন্তর্জাতিকভাবে এর পরিবহন ও সংরক্ষণে অত্যন্ত কড়া নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা মানা হয়।