বাসভাড়া ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করল সরকার
একই সঙ্গে দূরপাল্লা ও আন্তজেলার বাসের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে।
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়িয়েছে সরকার। এই সিদ্ধান্তের ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের নতুন ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৭০ পয়সায়। একই সঙ্গে দূরপাল্লা ও আন্তজেলার বাসের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন ভাড়ার হার একই দিন থেকে কার্যকর হলেও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বিষয়টি সংবাদমাধ্যমকে জানায়।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে। এ ছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জের অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রেও একই হার প্রযোজ্য হবে।
ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ডিজেলের দাম বাড়ার পাশাপাশি বর্তমান পরিচালন ব্যয় বৃদ্ধি পাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সিএনজি বা গ্যাসচালিত যানবাহনের ক্ষেত্রে এই বাড়তি ভাড়া কার্যকর হবে না।
যাত্রীদের সুবিধার্থে প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে হালনাগাদ করা ভাড়ার তালিকা ঝুলিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। যাত্রীস্বাচ্ছন্দ্যের জন্য আসনসংখ্যা কমিয়ে পুনর্নির্ধারণ করা হলে বিআরটিএ বা সংশ্লিষ্ট পরিবহন কমিটির অনুমোদন নিয়ে আনুপাতিক হারে নতুন ভাড়া ঠিক করতে হবে।
এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া সংক্রান্ত আগের সব আদেশ ও প্রজ্ঞাপন বাতিল করা হলো।