পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

ঈশ্বরদীতে ছাত্রদলের পাঁচজন গুলিবিদ্ধ হওয়ার পর যুবলীগ নেতার বাড়িতে আগুন

তবে এ অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।

প্রতিনিধি পাবনা
যুবলীগ নেতার বাড়িতে দেওয়া আগুনে পুড়ছে বসতঘর
যুবলীগ নেতার বাড়িতে দেওয়া আগুনে পুড়ছে বসতঘর | ছবি: পদ্মা ট্রিবিউন

পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলার জেরে যুবলীগের এক নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার সাঁড়া ইউনিয়নের গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত গুলিতে ছাত্রদলের পাঁচ নেতা-কর্মী গুলিবিদ্ধ হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান।


ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর ওই হামলার ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাশাপাশি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা ইমতিয়াজ হোসেন মিলন চৌধুরীর সম্পৃক্ততার অভিযোগ তোলা হয়। এরই জেরে রাতে সাঁড়া গোপালপুরে মিলন চৌধুরীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তিনি আগে থেকেই আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।


খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। তবে এ অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।


এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান আসাদ জানান, খবর পেয়ে পাবনা সদরের অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.