পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

জেলা যুবলীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার, কালিয়ায় অগ্নিসংযোগের ঘটনায় যা বলছে পুলিশ

রোববার রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নিজস্ব প্রতিবেদক ঢাকা
যুবলীগের দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানা পুলিশ হেফাজতে
যুবলীগের দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানা পুলিশ হেফাজতে | ছবি: পদ্মা ট্রিবিউন

নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ এনে নড়াইল জেলা যুবলীগের দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ।


রোববার রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।


এদিকে নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনার দুই দিন পর গত শুক্রবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ ওঠে। স্থানীয় কয়েকজনের ভাষ্য, দুর্বৃত্তরা ৩০ থেকে ৩৫টি বাড়ির অন্তত অর্ধশত ঘরে ভাঙচুর ও লুটপাট চালানোর পাশাপাশি আগুন দেয়।


তবে পুলিশের দাবি, হত্যাকাণ্ডে নিহত দুই বিএনপি নেতার স্বজনেরাই আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘরে আগুন দিয়েছেন।


স্থানীয়দের তথ্যমতে, হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়ি। এ ছাড়া কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম শামীমসহ দলটির নেতা-কর্মীদের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।


নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আল মামুন শিকদার গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, খবর পেয়ে কালিয়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।


এ ছাড়া কালিয়ার ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা চলছে বলে দাবি করেছেন পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.