পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

ন্যূনতম মজুরি ১৫ হাজার ৮০০ টাকা দিতে চান মালিকেরা, আরও বেশি দাবি শ্রমিকদের

চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই নিম্নতম মজুরি বোর্ডের সভা মুলতবি করা হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটায় আবার সভায় বসবেন বোর্ডের সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক ঢাকা
বন্ধ কারখান খুলে দেওয়ার দাবিতে কারখানার সামনে শ্রমিকদের অবস্থান। রোববার সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় এ আর রউফ স্টাইল কোর লিমিটেড কারখানার সামনে
বন্ধ কারখান খুলে দেওয়ার দাবিতে কারখানার সামনে শ্রমিকদের অবস্থান। রোববার সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় এ আর রউফ স্টাইল কোর লিমিটেড কারখানার সামনে | ছবি: পদ্মা ট্রিবিউন

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। অন্যদিকে শ্রমিকপক্ষের সংশোধিত প্রস্তাব ২২ হাজার টাকা। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান ৬ হাজার ২০০ টাকা। দীর্ঘ আট ঘণ্টার আলোচনা ও কয়েক দফা দর-কষাকষির পরও এই ব্যবধান কমেনি। ফলে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই নিম্নতম মজুরি বোর্ডের সভা মুলতবি করা হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটায় আবার সভায় বসবেন বোর্ডের সদস্যরা।


সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত তৃতীয় সভায় মালিক ও শ্রমিকপক্ষ তাদের আগের প্রস্তাব সংশোধন করে। সভার শুরুতে মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৫ হাজার টাকা। কয়েক দফা আলোচনার পর তা বাড়িয়ে ১৫ হাজার ৮০০ টাকা করা হয়। অন্যদিকে শ্রমিকপক্ষের আগের ৩২ হাজার টাকার দাবি কমিয়ে ২২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।


বোর্ড-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর দুই পক্ষই তাদের সংশোধিত প্রস্তাব জমা দেয়। তবে কোনো পক্ষই অন্য পক্ষের প্রস্তাবে সম্মত হয়নি। মঙ্গলবারের সভায় দুই পক্ষের মধ্যে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে।


সভা শেষে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, মালিকপক্ষ সব সময়ই তুলনামূলক কম মজুরির প্রস্তাব দিয়ে আলোচনা শুরু করে। এবারও তাদের প্রস্তাব শ্রমিকদের কাছে গ্রহণযোগ্য ও যুক্তিসংগত মনে হয়নি। একইভাবে মালিকপক্ষও শ্রমিকদের প্রস্তাব গ্রহণ করেনি। জ্যেষ্ঠ শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে শ্রমিকপক্ষ আরও সংশোধিত প্রস্তাব দিতে পারে। মালিকপক্ষের কাছ থেকেও নতুন প্রস্তাব আশা করছেন তাঁরা।


মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি সাংবাদিকদের বলেন, মালিকপক্ষ তাদের প্রস্তাব দিয়েছে। সেটি নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি দেশের বিভিন্ন শিল্পাঞ্চলের ছোট, মাঝারি ও বড় কারখানা পরিদর্শন করে পাওয়া তথ্য-উপাত্তও আলোচনায় তুলে ধরা হয়েছে।


মালিকপক্ষের প্রস্তাবের পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এখনই তা প্রকাশ করা হবে না। শেষ পর্যন্ত বোর্ড যে মজুরি সুপারিশ করবে এবং সরকার যে মজুরি নির্ধারণ করবে, মালিকপক্ষ সেটিই বাস্তবায়ন করবে।


মজুরি নির্ধারণের ক্ষেত্রে মূল্যস্ফীতি, শ্রমিকের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যসংখ্যা, মালিকদের আর্থিক সক্ষমতা, ছোট ও মাঝারি কারখানার পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানান বোর্ড চেয়ারম্যান।


অন্যদিকে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন বলেন, একটি হাঁস প্রতিদিন একটি করে সোনার ডিম দেয়। হাঁস অসুস্থ হয়ে গেলে তখনো প্রতিদিন একটি সোনার ডিম আশা করা যায় কি না, সেটি বিবেচনা করতে হবে। তাঁর বক্তব্যে শিল্পের বর্তমান পরিস্থিতি ও মালিকদের সক্ষমতার বিষয়টি উঠে আসে।


পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এরপর ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ প্রাথমিকভাবে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব জমা দেয়।


১৬ নভেম্বর তৃতীয় সভায় মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার কথা থাকলেও সভার কয়েক ঘণ্টা আগে তা স্থগিত করা হয়। পরে সোমবার সেই সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি। উপস্থিত ছিলেন নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম।


মজুরি নির্ধারণের আলোচনা চললেও শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ কমেনি। সোমবার গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শব্দবোমা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর যান চলাচল স্বাভাবিক হয়।


গাজীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায়ও উৎপাদন ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে। শ্রমিক অসন্তোষের কারণে প্রায় ৫৫টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল।


সাভারের আশুলিয়াতেও বিক্ষোভ ও শ্রমিক অসন্তোষের প্রভাব পড়ে। পরিস্থিতির কারণে সোমবার ৩৩টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় আগে থেকেই বন্ধ রয়েছে ২২টি কারখানা।


সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ সময় একটি বাস ও আশপাশের কয়েকটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এতে তিন শ্রমিক আহত হন। পরে পুলিশ শব্দবোমা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।


শিল্প পুলিশের তথ্যমতে, আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর আওতাধীন সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় বিভিন্ন খাতের মোট ১ হাজার ৭২৩টি কারখানা রয়েছে। এর মধ্যে তৈরি পোশাক কারখানা ৭৩৬টি।


শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে বাবুল আখতার বলেন, নভেম্বরের শুরু থেকেই মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন চলছে। চূড়ান্ত মজুরির প্রজ্ঞাপন প্রকাশ না হওয়া পর্যন্ত শ্রমিকদের মধ্যে অসন্তোষ থাকার আশঙ্কা রয়েছে। তবে উৎপাদন অব্যাহত রাখতে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।


মঙ্গলবারের বৈঠকে দুই পক্ষের সংশোধিত প্রস্তাবের মধ্যে ব্যবধান কমানো এবং একটি গ্রহণযোগ্য মজুরি কাঠামো নির্ধারণের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.