পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৩ ডিসেম্বর

গত ২৯ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও পরীমনি ‘পায়ে ব্যথা’র কারণে আদালতে হাজির না হওয়ায় শুনানি পিছিয়ে ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়

নিজস্ব প্রতিবেদক ঢাকা
মাদক মামলায় হাজিরা দিতে ঢাকার সিএমএম আদালতে আসেন চিত্রনায়িকা পরীমনি। হাজিরা শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ১৭ নভেম্বর, মঙ্গলবার। ছবি: মীর হোসেন
মাদক মামলায় হাজিরা দিতে ঢাকার সিএমএম আদালতে আসেন চিত্রনায়িকা পরীমনি। হাজিরা শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ১৭ নভেম্বর, মঙ্গলবার। ছবি: মীর হোসেন | ছবি: পদ্মা ট্রিবিউন

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বিচার শুরু বা অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে ২৩ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে ঢাকার মহানগর হাকিম মো. রিপন হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।


পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী এ তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য ছিল। এ জন্য সকাল সাড়ে ১০টার দিকে পরীমনি আদালতে উপস্থিত হন। পরে আদালতে এসে জানতে পারেন, মামলাটি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বদলি করা হয়েছে। তিনি বলেন, পরীমনি মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হন। এরপর বিচারক অভিযোগ গঠনের শুনানির জন্য ২৩ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেন।


গত ২৯ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও পরীমনি ‘পায়ে ব্যথা’র কারণে আদালতে হাজির না হওয়ায় শুনানি পিছিয়ে ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়।


২০২১ সালে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ আনেন চিত্রনায়িকা পরীমনি। এর কয়েক দিন পর ওই বছরের ৪ আগস্ট তাঁর বাড়িতে অভিযান চালিয়ে মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধারের কথা জানায় র‍্যাব। পরে পরীমনিকে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে মাদকের মামলা করা হয়। এক মাস কারাগারে থাকার পর মুক্তি পান পরীমনি।


ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। ২০২২ সালের ৫ জানুয়ারি পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার অপর দুই আসামি হলেন পরীমনির ব্যবস্থাপক আশরাফুল ইসলাম দিপু ও পরীমনির খালু কবীর হোসেন হাওলাদার।


মামলার বাদী র‍্যাব-১-এর কর্মকর্তা মজিবর রহমান আদালতে সাক্ষ্য দেওয়া শুরু করেন। তবে অভিযোগ গঠনের পর মামলাটি বাতিল চেয়ে পরীমনি হাইকোর্টে আবেদন করেন। ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট রুল জারি করে পরীমনির ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরে উচ্চ আদালত পুনরায় অভিযোগ গঠনের আদেশ দেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.