পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

ভেঙেছে অভিমান, দুপুরে একসঙ্গে পদত্যাগ করা বিএনপির ৩১ নেতা রাতে দলে ফিরেছেন

রাতে সংবাদ সম্মেলন করে সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানান তাঁরা।

প্রতিনিধি লক্ষ্মীপুর
দলে ফিরেছেন পদত্যাগ করা নেতারা
দলে ফিরেছেন পদত্যাগ করা নেতারা | ছবি: পদ্মা ট্রিবিউন

লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির ৩১ নেতা পদত্যাগপত্র জমা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করে নিয়েছেন। গতকাল সোমবার দুপুরে পদত্যাগের আবেদন জমা দিলেও রাতে সংবাদ সম্মেলন করে সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানান তাঁরা।


স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুর একটার দিকে জেলা শহরের বাগবাড়ি এলাকায় দলের অস্থায়ী কার্যালয়ে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়ার কাছে ৩১ নেতার স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেওয়া হয়। এ সময় ৭ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি জাকির হোসেন সুমনসহ ১০ নেতা উপস্থিত ছিলেন। কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদে ৫১ সদস্যবিশিষ্ট কমিটির ওই ৩১ নেতা পদত্যাগের আবেদন করেছিলেন।


উপজেলা বিএনপি নেতা জাকির হোসেন ভূঁইয়া বলেন, ‘আমরা কোনো কর্মীকে হারাতে চাই না। আমি তাঁদের আবেদনপত্রটি এমনিতেই রেখেছি, সাংগঠনিকভাবে গ্রহণ করিনি।’


পরে রাত নয়টার দিকে চররুহিতা এলাকায় সংবাদ সম্মেলন করে ওয়ার্ড কমিটির সভাপতি জাকির হোসেন সুমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন সেলিম ও সাংগঠনিক সম্পাদক শহীদ উল্লাহ পদত্যাগপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। তাঁরা জানান, সদর (পশ্চিম) উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাদের আশ্বাসে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন।


এ বিষয়ে চররুহিতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সবুজ বলেন, ওয়ার্ড বিএনপির নেতারা অভিমান করে একটি ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন। তাঁদের সঙ্গে আলোচনার পর অভিমান ভেঙেছে এবং তাঁরা সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.