জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে ফেরার পথে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, আহত ৬
শনিবার বেলা তিনটার দিকে উপজেলার কাপ্তাই সড়ক-সংলগ্ন জিয়া নগর ও চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যবর্তী স্থানে এ হামলার ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে ফেরার পথে চট্টগ্রামের রাউজানে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। হামলার ঘটনায় দলেরই একটি অংশ জড়িত বলে অভিযোগ করেছেন আহত ব্যক্তিরা। শনিবার বেলা তিনটার দিকে উপজেলার কাপ্তাই সড়ক-সংলগ্ন জিয়া নগর ও চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যবর্তী স্থানে এ হামলার ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (৬০), উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হোসেন (৪০), উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি মোহাম্মদ ফারুক (৪০), উপজেলা জাসাসের সভাপতি আল মারুফ (৩৫) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির (৩৫) এবং বাগোয়ান ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মহিউদ্দিন (৩৮)। তাঁদের লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করা হয়। তাঁরা স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাউজান উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ১০-১৫ জন নেতা-কর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যান। চুয়েট ক্যাম্পাস-সংলগ্ন ওই সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে ২০-৩০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালায়।
হামলায় আহত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, হামলাকারীরা রড ও লাঠি দিয়ে তাঁর মাথা ও পায়ে আঘাত করেন। এতে তাঁর মাথা ফেটে গেছে। শরীরের বিভিন্ন স্থানেও আঘাত পেয়েছেন তিনি।
দলের একটি অংশ হামলায় জড়িত বলে অভিযোগ করে আনোয়ার হোসেন বলেন, সমাধিতে ফুল দেওয়ার কর্মসূচির বিষয়ে আগেই স্থানীয় থানা-পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছিল। পুলিশ খুব কাছে উপস্থিত থাকলেও হামলার সময় তারা কার্যকর ভূমিকা নেয়নি।
জানতে চাইলে রাউজান-রাঙ্গুনিয়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ বেলায়াত হোসেন বলেন, ‘শুনেছি, দলের দুই পক্ষের মধ্যে একটু উত্তেজনা ও হট্টগোল হয়েছে। তবে মারামারির ঘটনা কেউ পুলিশকে জানায়নি।’