পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

ফতুল্লায় বিএনপির দুপক্ষের মারামারি, ভিডিও করায় পথচারীকে কুপিয়ে হত্যা

সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করতে গেলে হামলাকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

প্রতিনিধি নারায়ণগঞ্জ
নিহত আবু ইউসুফ
নিহত আবু ইউসুফ | ছবি: সংগৃহীত

কারখানার কাজ শেষে বেতন নিয়ে বাড়ি ফিরছিলেন আবু ইউসুফ। পথে তিনি দেখেন, নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির দুই পক্ষের বিরোধের জেরে একদল লোক একটি বাড়িতে হামলা ও ভাঙচুর করছেন। সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করতে গেলে হামলাকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার তক্কার মাঠ এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবু ইউসুফ। তিনি একটি রং করার কারখানার গাড়িচালক ছিলেন।


নিহত আবু ইউসুফ চাঁদপুর জেলার শাহরাস্তি থানার মফিজুল ইসলামের ছেলে। তিনি ফতুল্লার তক্কার মাঠ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। আট মাস আগে নাহিদা ইসলামের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁর স্ত্রী নাহিদা সাত মাসের অন্তঃসত্ত্বা।


পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সদর উপজেলার ফতুল্লার তক্কার মাঠ এলাকায় বিএনপি নেতা দেলোয়ার হোসেন ও কৃষক দল নেতা জুয়েল আরমানের মধ্যে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। গতকাল মামলায় আদালতে হাজিরা দিয়ে জামিন পান জুয়েল আরমান। পরে রাতে তাঁর নেতৃত্বে দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়।


এ সময় কারখানা থেকে বেতন নিয়ে বাড়ি ফিরছিলেন আবু ইউসুফ। পথে হামলা ও ভাঙচুরের দৃশ্য দেখে তিনি মুঠোফোনে তা ধারণ করছিলেন। এ সময় হামলাকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।


নিহত আবু ইউসুফের স্ত্রী নাহিদা ইসলাম বলেন, তাঁর স্বামী কোনো পক্ষের সঙ্গে জড়িত ছিলেন না। বাসা থেকে কারখানা, আবার কারখানা থেকে বাসা—এভাবেই তাঁর দিন কাটত। স্বামী হত্যার বিচার চান তিনি।


বিএনপি নেতা দেলোয়ার হোসেনের অভিযোগ, গত ২০ জুন রাতে জুয়েল আরমান তাঁকে অপহরণ করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় করা মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটি তদন্ত করছে। ওই মামলায় জুয়েল আরমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গতকাল আদালতে হাজিরা দিয়ে তিনি জামিন পান। রাতে জুয়েল আরমান তাঁর লোকজনসহ দেশীয় অস্ত্র নিয়ে দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এ সময় ভিডিও ধারণ করতে গেলে পথচারী আবু ইউসুফকে কুপিয়ে হত্যা করা হয়।


এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, দুই পক্ষের বিরোধের জেরে রাতে দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা হয়। এ সময় ভিডিও ধারণ করতে গেলে আবু ইউসুফের ওপর হামলা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.