পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

আকাশে মেঘের ওড়াউড়ি, প্রকৃতিতে হেমন্তের আমেজে কমছে তাপমাত্রা

সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

নিজস্ব প্রতিবেদক ঢাকা
হাতে কাশফুল নিয়ে দুই নারীর উদ্‌যাপন
হাতে কাশফুল নিয়ে দুই নারীর উদ্‌যাপন | ছবি: পদ্মা ট্রিবিউন

কার্তিক মাস শুরু হবে আরও আট দিন পর। তবে প্রকৃতিতে লেগেছে হেমন্তের ছোঁয়া। দিনের বেলা কিছুটা গরম থাকলেও সাতসকালে নরম পড়ছে রোদ। দুপুর গড়িয়ে বিকেলেও রোদের তেজ কমে যাচ্ছে। রাতে হালকা ঠান্ডার সঙ্গে কোথাও কোথাও ভোর পর্যন্ত কুয়াশা থাকছে। বুধবার সন্ধ্যায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রাজধানী ঢাকায় ছিল ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


আবহাওয়া অধিদপ্তর বুধবার সন্ধ্যায় আগামী ৫ দিনের পূর্বাভাসে জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিয়েছে এবং শুক্রবারের মধ্যে বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকেও বিদায় নিতে পারে।


পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।


ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের বেলাতেই তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এ সময় বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।


পূর্বাভাসে আরও বলা হয়, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। এ ছাড়া রাজধানী ঢাকায় বৃহস্পতিবার সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৯ মিনিটে এবং শুক্রবার সূর্যোদয় ভোর ৫টা ৫৩ মিনিটে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.