সাভার-আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড
উদ্ভূত পরিস্থিতিতে এসব এলাকার বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার কয়েকটি স্থানে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। শ্রমিকেরা দুটি স্থানে সড়ক অবরোধের চেষ্টা করলে এক জায়গায় বুঝিয়ে এবং অন্য জায়গায় কাঁদানে গ্যাসের গোলা ও শব্দবোমা নিক্ষেপ করে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। উদ্ভূত পরিস্থিতিতে এসব এলাকার বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এদিকে চলমান শ্রমিক বিক্ষোভের বিভিন্ন সময়ে কারখানা ভাঙচুর, পুলিশের ওপর হামলা, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে সাভার ও আশুলিয়া থানায় ২৪টি মামলা হয়েছে। এসব মামলায় প্রায় ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সকালে সাভার ও আশুলিয়ার ১০টি কারখানা বন্ধ আছে। দিনের জন্য ছুটি ঘোষণা করেছে ৭টি কারখানা। কাজ না করায় ১৩টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে। আর কাজ হচ্ছে না—এমন কারখানার সংখ্যা ১১।
সকালে সাভারের রেডিও কলোনি, উলাইল, ফুলবাড়িয়া ও হেমায়েতপুর এলাকা ঘুরে দেখা যায়, এসব এলাকার কারখানাগুলোয় নির্ধারিত সময়ে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। সকাল নয়টার দিকে হেমায়েতপুর থেকে সিঙ্গাইর সড়কের পাশে ম্যাক্সকম ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড কারখানার শ্রমিকদের বের হয়ে কারখানাসংলগ্ন সড়কের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। শ্রমিকেরা জানান, এর আগে একই এলাকার আলেয়া অ্যাপারেলস লিমিটেড কারখানা ছুটি ঘোষণা করে।
সকাল সাড়ে আটটার পর ওই এলাকার বিভিন্ন কারখানা ছুটি ঘোষণা করা হলে অধিকাংশ শ্রমিক নিজ নিজ গন্তব্যে চলে যান। কিছু শ্রমিক ম্যাক্সকম ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড কারখানার পাশের সড়কে আগে থেকে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের সঙ্গে যোগ দেন। এ সময় পুলিশ তাঁদের সড়কের পাশ থেকে সরে যেতে বলে।
একপর্যায়ে কয়েকজন শ্রমিক ক্ষোভ প্রকাশ করেন। নিজেদের দাবি ও আন্দোলনের যৌক্তিকতা নিয়ে তাঁরা পুলিশের সঙ্গে তর্কে জড়ান। পুলিশ হাতে থাকা মাইকে ঘোষণা দেয়, শান্তিপূর্ণভাবে সরে না গেলে বল প্রয়োগ করতে বাধ্য হবে। এরপর শ্রমিকেরা ধীরে ধীরে সেখান থেকে চলে যান। এ এলাকায় পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা যায়।
এদিকে সকাল সোয়া ১০টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে ও কাঁদানে গ্যাসের গোলা নিক্ষেপ করে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয়।
বেলা সোয়া ১১টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, আশুলিয়ার নরসিংহপুর এলাকায় সারমিন গ্রুপের কারখানার সামনে বিক্ষোভকারীরা সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে এবং কাঁদানে গ্যাসের গোলা নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে।
সাভার ও আশুলিয়ার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে বলে সকাল ১০টার দিকে জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ, অভিযান ও ট্রাফিক উত্তর) জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, কিছু জায়গায় শ্রমিকেরা জড়ো হলে তাঁদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো বল প্রয়োগ করা হয়নি। শ্রমিকদের দাবিদাওয়া বা আন্দোলন যতক্ষণ শান্তিপূর্ণ থাকবে, ততক্ষণ বল প্রয়োগ করা হবে না। তবে শ্রমিক আন্দোলনের মধ্যে দুষ্কৃতকারীরা পরিস্থিতি ঘোলাটে করে স্বার্থসিদ্ধির চেষ্টা করলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।