পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

কলকাতায় খুন হওয়া সাবেক এমপি আনোয়ারুলের মেয়ে ঢাকায় আটক

বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়

নিজস্ব প্রতিবেদক ঢাকা
মুমতারিন ফেরদৌস ডরিন
মুমতারিন ফেরদৌস ডরিন | ছবি: সংগৃহীত

সংসদ সদস্য থাকাকালে কলকাতায় ‘খুন হওয়া’ আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


গতকাল বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার মোল্লা মোহাম্মদ শাহীন।


পুলিশের এই কর্মকর্তা বলেন, ডরিনের বিরুদ্ধে ‘দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’ করার অভিযোগ রয়েছে।


২৪ বছর বয়সী ডরিনের গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুরে। তাঁর মায়ের নাম ইয়াসমিন ফেরদৌস। তিনি লালমাটিয়ার সি ব্লকের একটি বাসায় থাকতেন।


কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনার ছিলেন ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য। ২০২৪ সালের ১১ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে তিনি নিখোঁজ হন। তাঁর বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাস কলকাতায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর দুই দেশে তদন্ত শুরু হয়। পরে পুলিশ জানায়, সংসদ সদস্য আনারকে কলকাতার একটি বাড়িতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।


বাবা আনারের সঙ্গে ডরিন। ছবি: সংগৃহীত

ওই ঘটনায় কলকাতায় মামলা হয়। আনারের মেয়ে ডরিনও ঢাকার শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেছিলেন। বাবার মৃত্যুর সঠিক তদন্ত ও বিচার চেয়ে তখন ডরিনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ করতে দেখা গিয়েছিল।


ভারতীয় পুলিশের দেওয়া তথ্যে দেশে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভুঁইয়া, তানভীর ভুঁইয়া ও সেলেস্টি রহমান। সে সময় পুলিশ বলেছিল, আনার হত্যার ‘হোতা’ তাঁর বাল্যবন্ধু ও যুক্তরাষ্ট্রপ্রবাসী আখতারুজ্জামান ওরফে শাহীন মিয়া। আর হত্যাকাণ্ডটি বাস্তবায়ন করেন চরমপন্থী নেতা শিমুল।


ডিবির তৎকালীন অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ তখন বলেছিলেন, সংসদ সদস্যকে হত্যার পর শরীরের বিভিন্ন অংশ টুকরো করে হলুদ মাখিয়ে ছিটিয়ে দেওয়া হয়। পরে কলকাতার ওই বাড়ির সেপটিক ট্যাংক থেকে মাংসের টুকরা উদ্ধার করে ডিএনএ পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠায় পুলিশ।


চব্বিশের গণ-অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর মামলার তদন্তে ভাটা পড়ে। একে একে জামিনে বেরিয়ে আসেন দেশে গ্রেপ্তার সব আসামি। সবশেষ গত ১১ সেপ্টেম্বর আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভুঁইয়াকেও জামিন দেন হাইকোর্ট।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.