পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

চট্টগ্রামে আওয়ামী লীগের ব্যানার নিয়ে মিছিল, আটক ১০

আটক করা হয় অন্তত ১০ জনকে

প্রতিনিধি চট্টগ্রাম
জব্দ করা মাইক্রোবাস
জব্দ করা মাইক্রোবাস | ছবি: পুলিশের সৌজন্যে

একটি মাইক্রোবাসে করে আসেন কয়েকজন যুবক। তাঁদের হাতে ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার-পোস্টার। একপর্যায়ে তাঁরা মিছিলও শুরু করেন। তাঁদের দেখতে পেয়ে ধাওয়া দেয় পুলিশ। আটক করা হয় অন্তত ১০ জনকে।


শুক্রবার বেলা দুইটার দিকে চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটিও জব্দ করেছে।


পুলিশ জানায়, পবিত্র জুমার নামাজের পর মাইক্রোবাসে করে সিআরবির বক্ষব্যাধি হাসপাতালের সামনে আসেন ওই যুবকেরা। এরপর তাঁরা মিছিল শুরু করেন। তবে ঘটনাস্থলের পাশেই পুলিশের একটি টহল দল ছিল। টহল দলের সদস্যরা ধাওয়া দিতেই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। আটক যুবকেরা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।


কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ব্যানার হাতে মিছিল করার সময় ১০-১২ জনকে আটক করা হয়েছে। তাঁদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.