পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

বিএনপি কর্মী হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান কারাগারে

পরে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

নিজস্ব প্রতিবেদক ঢাকা
আবুল হাসান
আবুল হাসান | ছবি: সংগৃহীত

বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরবি) অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।


গতকাল মঙ্গলবার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আবুল হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।


ডিবি সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ৮টার দিকে ডিবি পুলিশের উত্তরা বিভাগের একটি দল এসআরবি-১১ কার্যালয় থেকে আবুল হাসানকে আটক করে ঢাকায় নিয়ে আসে। পরে তাঁকে ২০২২ সালে রাজধানীর পল্টন থানায় করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আবুল হাসান এসআরবি-১১ ব্যাটালিয়নের ভৈরব ক্যাম্পের কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। তবে ২০২২ সালে মকবুল হত্যাকাণ্ডের সময় তিনি ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত ছিলেন।


মামলার বিবরণে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিএমপির কর্মকর্তা হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালান। কার্যালয়টিতে ভাঙচুর করা হয়। সেখানে নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে মকবুল হোসেন নামের এক কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন।


গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর ওই ঘটনায় মাহফুজুর রহমান নামের এক ব্যক্তি শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা করেন। এজাহারে আবুল হাসান ১৭১ নম্বর আসামি।


গ্রেপ্তার আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তাঁর বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পরে তাঁকে এসআরবিতে বদলি করা হয়।


ডিবি সূত্রে আরও জানা গেছে, ১৯ নভেম্বর ছাত্রলীগের ‘ঢাকা অবরোধ’ কর্মসূচি চলাকালে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ করা হয়। এতে থানা ভবন পুড়ে যায়। এ ঘটনায়ও আবুল হাসানের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.