পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ, ‘অনানুষ্ঠানিক ও ব্যবসায়িক’ আলোচনা
এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বৈঠকটি ছিল অনানুষ্ঠানিক ও ব্যবসায়িক আলোচনাকেন্দ্রিক।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও বর্তমানে মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা পিটার হাস। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বৈঠকটি ছিল অনানুষ্ঠানিক ও ব্যবসায়িক আলোচনাকেন্দ্রিক।
রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন হুমায়ুন কবির। পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পিটার হাস বাংলাদেশের পুরোনো বন্ধু। তিনি এখন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন। তাঁদের মধ্যে বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে।
বৈঠকে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ এবং দণ্ডিত আসামিদের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না, তা জানতে চান সাংবাদিকেরা। তবে এসব প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে প্রতিমন্ত্রী জানান, পিটার হাস বেশ কিছুদিন আগেই রাষ্ট্রদূতের দায়িত্ব ছেড়েছেন। তাঁর সঙ্গে কেবল অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে।
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে প্রতিবেশী দেশের অনুরোধ বা শর্ত বাংলাদেশ কতটা বিবেচনায় নেবে—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, সন্ত্রাসীদের বিষয়ে বাংলাদেশের অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছে এবং এ অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। শেখ হাসিনাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তিনি বলেন, গণমাধ্যমে যা-ই প্রকাশিত হোক না কেন, সন্ত্রাসীদের বিষয়ে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত রয়েছে।
এর আগে গত ১৩ নভেম্বর ঢাকায় আসেন পিটার হাস। ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক উত্তাপের মধ্যে তাঁর তৎপরতা ব্যাপক আলোচনায় এসেছিল।
কূটনৈতিক পেশা থেকে অবসরে যাওয়ার পর ২০২৫ সাল থেকে মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করছেন পিটার হাস। বাংলাদেশে প্রতিষ্ঠানটির ব্যবসা রয়েছে। সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানিকে যুক্ত করার সরকারি উদ্যোগে এক্সিলারেট এনার্জিকেও অন্যতম প্রতিযোগী হিসেবে বিবেচনা করা হচ্ছে।