পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

কালেমাখচিত পতাকা নিয়ে পাবনায় মিছিল, ঘটনাটি জানে না পুলিশ

প্রতিনিধি পাবনা
পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে কালেমাখচিত সাদা ও কালো পতাকা নিয়ে মিছিল। মিছিল চলাকালে সড়কের পাশে ছিলেন পুলিশ সদস্যরা
পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে কালেমাখচিত সাদা ও কালো পতাকা নিয়ে মিছিল। মিছিল চলাকালে সড়কের পাশে ছিলেন পুলিশ সদস্যরা | ছবি: ভিডিও থেকে নেওয়া

পাবনা শহরে কালেমাখচিত সাদা ও কালো পতাকা নিয়ে একটি মিছিল করেছেন একদল ব্যক্তি। প্রত্যক্ষদর্শীদের দাবি, মিছিল থেকে ধর্মীয় স্লোগান দেওয়া হয়। পাশাপাশি গাইবান্ধায় রাম মন্দির নির্মাণের বিরোধিতা এবং ঢাকার হানিফ ফ্লাইওভার থেকে কালেমাখচিত পতাকা অপসারণের প্রতিবাদ জানানো হয়।


বৃহস্পতিবার বিকেলে শহরের আব্দুল হামিদ সড়কে ‘পাবনার তরুণ আলেম ও ছাত্র-জনতা’ ব্যানারে মিছিলটি বের হয়। মিছিলটি বাণী সিনেমা মোড় ঘুরে শহীদ চত্বর এলাকায় গিয়ে শেষ হয়।


ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, শহরের ট্রাফিক মোড়সংলগ্ন শহীদ চত্বর এলাকা থেকে পাঞ্জাবি ও টুপি পরা ৫০ থেকে ৬০ জনের একটি দল মিছিল শুরু করে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। মিছিল চলাকালে সড়কের পাশে পুলিশ সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।


মিছিলের বিষয়ে এবং ঘটনাস্থলে পুলিশ সদস্যদের উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে পাবনার পুলিশ সুপার (এসপি) মো. ছুফি উল্লাহ বলেন, মিছিলের বিষয়ে পুলিশের কাছে কোনো পূর্ব তথ্য ছিল না। আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


তিনি আরও বলেন, কালেমাখচিত পতাকা নিয়ে যদি কোনো অপতৎপরতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা থাকে, তা কঠোরভাবে দমন করা হবে।


এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, এ ধরনের কোনো মিছিলের বিষয়ে জানা নেই। খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারব।


মিছিলের আয়োজকদের বক্তব্য জানার জন্য বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পরিচয় বা অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

How did this article make you feel?

Related Articles

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.