চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
চট্টগ্রাম নগরের মাঝিরঘাট বাংলাবাজার এলাকায় এসআরভি রেলস্টেশনে ট্রেনের দুটি পরিত্যক্ত বগিতে আগুন লেগেছে। শুক্রবার সন্ধ্যার আগে বন্দর থানাধীন ওই এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের মাঝিরঘাট ও সদরঘাট এলাকার বাংলাবাজার (স্ট্যান্ড রোড) এলাকায় অবস্থিত এসআরভি স্টেশনটি একটি পুরোনো ও পরিত্যক্ত রেলওয়ে স্টেশন। স্থানীয় লোকজনের অভিযোগ, স্টেশনটিতে দীর্ঘদিন ধরে ট্রেনের পরিত্যক্ত বগিগুলো পড়ে আছে, যা মাদকসেবীদের আস্তানা হিসেবে ব্যবহৃত হয়। এর আগে সাড়ে পাঁচ মাস আগেও একই স্থানে পরিত্যক্ত বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছিল।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বন্দর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোনেম বিল্লাহ জানান, বিকেল ৫টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। বেলা ৬টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তিনি আরও জানান, বগিগুলোর ভেতরে তেমন কোনো আসবাব ছিল না; একটি বগি আংশিক পুড়ে গেছে। তদন্তের পর আগুন লাগার সঠিক কারণ জানা যাবে।