পৃথক মামলায় কণ্ঠ শিল্পী মমতাজসহ তিন জনকে গ্রেপ্তার দেখানোর আদেশ
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ এ তথ্য জানান
জুলাই গণ-অভ্যুত্থানকালে পৃথক দুটি হত্যাচেষ্টা ও হত্যা মামলায় আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম, তাঁর সাবেক স্বামী রমজান আলী মাদবর ও নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
রাজধানীর মিরপুর মডেল থানার এসব মামলায় সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ভিডিও সংযোগের মাধ্যমে শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ এ তথ্য জানান।
হারুন অর রশিদ বলেন, আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর ভিডিও সংযোগের মাধ্যমে শুনানি হয়। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
মামলার নথি থেকে জানা যায়, জুলাই গণ-অভ্যুত্থানকালে ওমর ফারুক শাকিল নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে মিরপুর মডেল থানায় মামলা হয়। মামলায় মমতাজ বেগম ও রমজান আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুল ইসলাম। জুলাই গণ-অভ্যুত্থানকালে তোফাজ্জল হোসেন খান হত্যার ঘটনায় একই থানায় আরেকটি মামলা হয়। এ মামলায় আশিকা সুলতানাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মো. সামছুদ্দোহা।
গ্রেপ্তার দেখানোর আবেদনগুলোতে বলা হয়, এসব মামলার ঘটনার সঙ্গে আসামিদের জড়িত থাকার সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে আসামিদের গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
কারাগারে থাকা আসামিদের আদালতের ভিডিও সংযোগের শুনানিতে হাজির করা হয়। শুনানি শেষে আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।
একটি মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বেলা ১১টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের ফলপট্টি এলাকায় শাকিল গুলিবিদ্ধ হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তাঁর অস্ত্রোপচার করা হয়।
এ ঘটনায় মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টার মামলা হয়।
অন্য মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেল ৫টার দিকে মিরপুর-১০ নম্বর থেকে মিরপুর-২ নম্বরের দিকে বিজয় মিছিলে অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হন তোফাজ্জল। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শেখ হাসিনার নাম উল্লেখ করে মামলা করেন নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা।
কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ২০২৫ সালের ১২ মে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ২০২৬ সালের ২৫ জুন মিরপুর থেকে গ্রেপ্তার হন আশিকা সুলতানা।