মিরপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের চেষ্টা
এতে কেউ হতাহত না হলেও বাসের দুটি আসন আংশিক পুড়ে গেছে
রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে বাসের কর্মী ও স্থানীয় লোকজন দ্রুত আগুন নেভান বলে জানিয়েছে পুলিশ।
শনিবার রাত ১০টার দিকে মিরপুরের পল্লবী মেট্রোরেল স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও বাসের দুটি আসন আংশিক পুড়ে গেছে।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাসটি একটি যাত্রা শেষ করে দাঁড়িয়ে ছিল এবং পুরোপুরি ফাঁকা ছিল। ফলে সৌভাগ্যবশত কেউ হতাহত হননি।
ডিসি বলেন, বাসের ভেতরে কর্মীরা যখন যাত্রার আয় গুনছিলেন, ঠিক তখনই বাইরে থেকে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। দ্রুত আগুন নেভানোয় বাসের পেছনের দিকের দুটি আসনের ওপরের অংশ ছাড়া আর কোনো বড় ক্ষতি হয়নি।
নিরাপত্তা ক্যামেরার দৃশ্য দেখে অপরাধীদের দ্রুত শনাক্ত করা হবে বলে জানান এই কর্মকর্তা।
এদিকে গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকায় প্রগতি সরণিতে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগের দিন রাজধানীর রায়েরবাজারে কৃষি মার্কেটের সামনে একটি ডাক পরিবহনের মালবাহী গাড়িতে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটে। এতে গাড়ির চালক আহত হন।