পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেওয়ার চেষ্টা, আটক রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব

ওই কর্মসূচি থেকে আরেক নারীকে আটক করেছে পুলিশ। তাঁর নাম ও পরিচয় এখনো জানা যায়নি

নিজস্ব প্রতিবেদক ঢাকা
রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিচ্ছেন এক নারী
রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিচ্ছেন এক নারী | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজধানীর সেগুনবাগিচায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি মাখতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াশ। শনিবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।


ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।


সেগুনবাগিচায় একটি কর্মসূচির ঘোষণা দিয়েছিল রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ)। ওই কর্মসূচি থেকে আরেক নারীকে আটক করেছে পুলিশ। তাঁর নাম ও পরিচয় এখনো জানা যায়নি।


এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে শিল্পকলা একাডেমিসংলগ্ন দেয়ালে ১০ জন লেখক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের গ্রাফিতি আঁকা নিয়ে সমালোচনা দেখা দেয়। বাংলাদেশের গুণী ব্যক্তিত্বদের পাশাপাশি সেখানে পশ্চিমবঙ্গের রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ছবি স্থান পায়।


গ্রাফিতিতে পশ্চিমবঙ্গের ব্যক্তিত্বদের অন্তর্ভুক্তি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা করেন অনেকে। তালিকায় বাংলাদেশের আরও গুণী ব্যক্তিত্বদের রাখা যেত কি না, একইভাবে পশ্চিমবঙ্গে বাংলাদেশের ব্যক্তিত্বদের স্থান দেওয়া হতো কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন কেউ কেউ। দেয়ালচিত্রে নারী ব্যক্তিত্বদের অনুপস্থিতি নিয়েও সমালোচনা হয়।


সম্প্রতি সেগুনবাগিচা এলাকায় ফুটপাত দখলমুক্ত করে সৌন্দর্যবর্ধনের কাজ চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। মৎস্য ভবনের দিকে যেতে শিল্পকলা একাডেমির সীমানাপ্রাচীরের বিপরীত পাশের ফুটপাতে ময়লার ঝুড়ি ও বিশ্রামের বেঞ্চ বসানোর পাশাপাশি দেয়ালে গুণী ব্যক্তিত্বদের গ্রাফিতি আঁকা হয়।


গত সোমবার সকালে এ সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম। গ্রাফিতিতে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ফকির লালন শাহ, শিল্পাচার্য জয়নুল আবেদিন, এস এম সুলতান, চলচ্চিত্রকার জহির রায়হান, বাউল সম্রাট শাহ আবদুল করিম ও অভিনেতা হুমায়ূন ফরীদির ছবিও রয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.