পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই দেওয়া হবে নতুন বই, থাকছে না উৎসবের বাড়তি খরচ

২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই তুলে দিতে শিক্ষাবর্ষ শুরুর অনেক আগেই ছাপা, বাঁধাই ও মাঠপর্যায়ে সরবরাহের কাজ শেষ করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক ঢাকা
পাঠবই পেয়ে শিক্ষার্থীদের উল্লাস
পাঠবই পেয়ে শিক্ষার্থীদের উল্লাস | ছবি: সংগৃহীত

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন পাঠ্যবই তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বই বিতরণের প্রস্তুতি চলছে। ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই তুলে দিতে শিক্ষাবর্ষ শুরুর অনেক আগেই ছাপা, বাঁধাই ও মাঠপর্যায়ে সরবরাহের কাজ শেষ করা হচ্ছে।


জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন। সাক্ষাৎকারে তিনি পাঠ্যবই ছাপা ও সরবরাহের সর্বশেষ অবস্থা, বইয়ের মান এবং বিতরণের সময়সূচি নিয়ে বিস্তারিত কথা বলেন।


এনসিটিবি চেয়ারম্যান জানান, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক্-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য মোট ৩০ কোটি ৯৬ লাখ ৩৬ হাজার পাঠ্যবই ছাপা হচ্ছে। এর মধ্যে প্রাক্-প্রাথমিক স্তরের বই ছাপা ও সরবরাহের কাজ প্রায় শেষ। প্রাথমিক স্তরের ৯৭ শতাংশের বেশি এবং মাধ্যমিক স্তরের ৯২ শতাংশের বেশি বই ইতিমধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে।


তিনি জানান, প্রাক্-প্রাথমিক স্তরের ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০ কপি বইয়ের কাজ শতভাগ শেষ হয়েছে। প্রাথমিকের (প্রথম-পঞ্চম শ্রেণি) ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬ কপি বইয়ের মধ্যে ৯৭ দশমিক ২৮ শতাংশ এবং ইবতেদায়ির ৪ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫৭৪ কপি বইয়ের ৯৪ দশমিক ১২ শতাংশের প্রাক্-সরবরাহ পরিদর্শন (পিডিআই) সম্পন্ন হয়েছে। এ ছাড়া ২৫ নভেম্বর পর্যন্ত মাধ্যমিক স্তরের (ষষ্ঠ-দশম শ্রেণি) ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপি বইয়ের মধ্যে ৯২ দশমিক ৯৭ শতাংশের প্রাক্-সরবরাহ পরিদর্শন এবং ৯২ শতাংশ বই সরবরাহ করা হয়েছে। এর বাইরে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৯ হাজার ৪ কপি ব্রেইল বই ছাপা হচ্ছে।


বই বিতরণের সময়সূচি ও প্রস্তুতি সম্পর্কে ফখরুল মাওলা বলেন, ‘আগে পয়লা জানুয়ারি বই উৎসবকে কেন্দ্র করে বিপুল পরিমাণ অর্থের অপচয় করা হতো। প্রধানমন্ত্রী তারেক রহমান এমনিতেই অপ্রয়োজনীয় ব্যয় সাশ্রয়ের নীতি গ্রহণ করেছেন। তাই এবার সেই ধারা থেকে বেরিয়ে এসে শুধু বইয়ের মোড়ক উন্মোচনের কথা ভাবা হচ্ছে। পাশাপাশি বিদ্যালয়গুলোকে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিন শিক্ষার্থীদের হাতে সব বই দেওয়ার নির্দেশনা দেওয়ার প্রস্তুতি চলছে।’


তিনি বলেন, ‘বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষার ফল আগামী ২৪ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে। এ জন্য আমরা ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে যেকোনো এক দিন বই বিতরণের পরিকল্পনা করছি।’ সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার পর নির্দিষ্ট তারিখ জানিয়ে দেওয়া হবে। তবে সরকার যখন চাইবে, তখনই বই দিতে এনসিটিবি প্রস্তুত রয়েছে।


এনসিটিবি চেয়ারম্যান জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যেই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব বই উপজেলা পর্যায়ে পাঠানো হবে। আর নতুন চারটি বইয়ের ছাপা ও বাঁধাইয়ের কাজ আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ হবে।


বিগত বছরগুলোতে বইয়ের নমুনা দেখিয়ে উদ্বোধনের প্রচলন বদলানোর কথা তুলে ধরে অধ্যাপক ফখরুল মাওলা বলেন, ‘আগে দেখা যেত, কিছু বই ছাপা বা বাঁধাই না হলেও অল্প কিছু বই বা নমুনা দেখিয়ে উৎসব করা হতো। বাকি বই পৌঁছাত মার্চ বা এপ্রিল মাসে। এবার এমনটা হবে না। শতভাগ প্রস্তুতি ও বই সরবরাহের পরই বিতরণ কার্যক্রম শুরু হবে।’


বইয়ের মান সম্পর্কে চেয়ারম্যান বলেন, ‘কাগজের মান, ছাপা, বাঁধাই, চোখের ওপর আলোর প্রতিফলন এবং সহজে ছিঁড়ে না যাওয়ার বিষয়গুলো যাচাই করে মান নিশ্চিত করা হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবারের বইয়ের মান অনেক ভালো হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে শতভাগ বই সরবরাহ নিশ্চিত করা হবে, যা এনসিটিবির ইতিহাসে একটি বড় মাইলফলক।’


দ্রুত সময়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বই পরিমার্জন, ছাপা ও সরবরাহের অগ্রগতির পেছনে প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানের পাশাপাশি শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা-সংশ্লিষ্ট সবার নিবিড় পর্যবেক্ষণের প্রশংসা করেন চেয়ারম্যান।


নতুন বই ও শিক্ষাক্রম সম্পর্কে এনসিটিবি চেয়ারম্যান জানান, প্রাথমিক স্তরে খেলাধুলা ও বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক নতুন বই যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে শিশুরা মুঠোফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি কাটিয়ে খেলার মাঠে ফিরবে এবং বিদ্যালয়ে আনন্দময় পরিবেশ পাবে। পাশাপাশি কারিগরি শিক্ষার বইগুলো ধাপে ধাপে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে যুক্ত করা হবে।


এ ছাড়া ২০২৮ শিক্ষাবর্ষের পরিমার্জিত শিক্ষাক্রমের রূপরেখা তৈরির জন্য ১২ থেকে ১৪টি দেশের শিক্ষাক্রম বিশ্লেষণ করা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা শুরু হবে।

শিক্ষা থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.