পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

নতুন বছরে সময়মতো বই হাতে পাওয়ার সম্ভাবনা কতটুকু

তবে মাধ্যমিকের বাকি ১৫ শতাংশ বই নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে দেওয়া নিয়ে চ্যালেঞ্জ রয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের সব উপজেলায় পাঠ্যবই পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছে এনসিটিবি।

নিজস্ব প্রতিবেদক ঢাকা
বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা
বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা | ফাইল ছবি

নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই ২০২৭ সালের বিনা মূল্যের পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। সংস্থাটির সর্বশেষ হিসাব অনুযায়ী, প্রাথমিক স্তরের ৯৯ শতাংশ এবং মাধ্যমিক স্তরের ৮৫ শতাংশ বই জেলা ও উপজেলা পর্যায়ে পৌঁছেছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর (আদিবাসী) শিশুদের মাতৃভাষার বইও শতভাগ সরবরাহ করা হয়েছে। তবে মাধ্যমিকের বাকি ১৫ শতাংশ বই নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে দেওয়া নিয়ে চ্যালেঞ্জ রয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের সব উপজেলায় পাঠ্যবই পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছে এনসিটিবি।


২০২৫ শিক্ষাবর্ষে সব বই সরবরাহ করতে প্রায় তিন মাস সময় লেগেছিল। চলতি শিক্ষাবর্ষে শতভাগ বই সরবরাহ শেষ হয় ৭ ফেব্রুয়ারি। এবার আগেভাগেই বই পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ চলছে।


এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মোহাম্মদ আবু নাসের টুকু বলেন, ‘আগের বছরের তুলনায় এবার ছাপা ও বিতরণের অগ্রগতি অনেক ভালো। শুধু ভালো বললে ভুল হবে, অগ্রগতি নাটকীয়ভাবে ভালো হয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, প্রাথমিকের ৯৯ শতাংশ এবং মাধ্যমিকের ৮৫ শতাংশ বই জেলা ও উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের বইও শতভাগ মাঠপর্যায়ে পৌঁছে গেছে।’


মাধ্যমিক স্তরের অবশিষ্ট ১৫ শতাংশ বই নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছানো সম্ভব হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘৩০ নভেম্বরের মধ্যে বাকি বই পৌঁছে দেওয়া প্রায় সম্ভব হয়ে যাবে।’


এনসিটিবির তথ্য অনুযায়ী, গত কয়েক সপ্তাহে বই পাঠানোর গতি বেড়েছে। গত ৫ নভেম্বর প্রাথমিকের ৯৬ শতাংশ এবং মাধ্যমিকের ৬৩ দশমিক ১৮ শতাংশ বই উপজেলা পর্যায়ে পৌঁছেছিল। ১৮ নভেম্বর পর্যন্ত মাধ্যমিকে এ হার বেড়ে দাঁড়ায় ৭৭ শতাংশে। সর্বশেষ ২০ নভেম্বর অধ্যাপক আবু নাসের টুকু জানান, মাধ্যমিকের ৮৫ শতাংশ বই পৌঁছে গেছে। অর্থাৎ ৫ নভেম্বরের তুলনায় ১৫ দিনের ব্যবধানে মাধ্যমিকে বই সরবরাহ বেড়েছে ২১ দশমিক ৮২ শতাংশ পয়েন্ট এবং প্রাথমিকে বেড়েছে ৩ শতাংশ পয়েন্ট।


এনসিটিবির ১৬ নভেম্বরের উৎপাদন ও সরবরাহসংক্রান্ত হিসাব বলছে, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক্‌-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের জন্য বিপুলসংখ্যক বই ছাপানো হচ্ছে। এর মধ্যে প্রাক্‌-প্রাথমিকে ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০টি, প্রথম থেকে পঞ্চম শ্রেণির প্রাথমিকে ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬টি, ইবতেদায়িতে ৪ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫৭৪টি এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণির মাধ্যমিকে ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮টি বই রয়েছে। এ ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ছাপানো হচ্ছে ৯ হাজার ৪ কপি ব্রেইল বই।


১৬ নভেম্বরের হিসাব অনুযায়ী, প্রাক্‌-প্রাথমিক স্তরের ছাপা, বাঁধাই ও সরবরাহের আগে মান যাচাই (পিডিআই) শতভাগ সম্পন্ন হয়েছে। প্রাথমিকে প্রয়োজনীয় ফর্মার ৯৮ দশমিক ৬৩ শতাংশ ছাপা, ৯৮ দশমিক ৪৬ শতাংশ বাঁধাই এবং ৯৭ দশমিক ২৮ শতাংশের পিডিআই শেষ হয়েছে। মাদ্রাসার ইবতেদায়ি স্তরে ৯৬ দশমিক ৯১ শতাংশ ফর্মা ছাপা, ৯৩ দশমিক ৬৭ শতাংশ বাঁধাই এবং ৯২ দশমিক ৩৪ শতাংশের পিডিআই সম্পন্ন হয়েছে।


সবচেয়ে বেশি বই ছাপানো হচ্ছে মাধ্যমিকে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির নির্ধারিত বইয়ের মধ্যে ১৬ নভেম্বর পর্যন্ত ৮২ দশমিক ৩৭ শতাংশ ফর্মা ছাপা, ৮০ দশমিক ২১ শতাংশ বাঁধাই এবং ৭৭ দশমিক ১২ শতাংশের পিডিআই শেষ হয়েছিল। পরে ১৯ নভেম্বরের সারসংক্ষেপে প্রাথমিকের ৯৭ দশমিক ২৮ শতাংশ এবং মাধ্যমিকের ৮০ দশমিক ১১ শতাংশ বইয়ের পিডিআই সম্পন্ন হওয়ার তথ্য পাওয়া যায়। তবে পিডিআইয়ের হারকে উপজেলা পর্যায়ে বই পৌঁছানোর হার হিসেবে ধরার সুযোগ নেই। এটি বই সরবরাহের আগে মান যাচাইয়ের একটি ধাপ মাত্র।


এনসিটিবির মোট ১১৬টি মুদ্রণ প্রতিষ্ঠানের মধ্যে ৬০টির কাজ শতভাগ শেষ হয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক আবু নাসের টুকু। বাকি ৫৬টি প্রতিষ্ঠানের কাজ শেষ হওয়ার অপেক্ষায় রয়েছে। এবার কাগজ ও ছাপার মান নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘গত ১০ বছরের তুলনায় এবার পাঠ্যবইয়ের মান ভালো হয়েছে। কেউ চাইলে সরেজমিনে তা দেখতে পারবেন।’ তবে কাজে কিছু সমস্যা ও অনিয়মের কথা স্বীকার করে তিনি জানান, সংশ্লিষ্ট ছাপাখানাগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে।


প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক চারটি বই নতুন করে ছাপানোর উদ্যোগ নিয়েছে এনসিটিবি। এগুলো হলো চতুর্থ শ্রেণির ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণির ‘আনন্দময় শিক্ষা’ ও ‘আমার কারিগরি শিক্ষা’। অধ্যাপক টুকু বলেন, ‘এই চারটি বই ছাপানোর জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। ইনশা আল্লাহ, ১৫ ডিসেম্বরের মধ্যে শতভাগ কাজ শেষ হয়ে যাবে।’


আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব উপজেলায় বই পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে এনসিটিবি। তবে মাধ্যমিকে এখনো ১৫ শতাংশ বই পৌঁছানো বাকি। এর আগে সংস্থাটির পক্ষ থেকে ৩০ নভেম্বরের মধ্যে ৯৮ শতাংশ এবং অবশিষ্ট ২ শতাংশ ১০ ডিসেম্বরের মধ্যে সরবরাহের কথা জানানো হয়েছিল। ফলে নির্ধারিত সময়ে শতভাগ বই পৌঁছানোর লক্ষ্য ও আগের সময়সূচি নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। বিশেষ করে মাধ্যমিকের ছাপা, বাঁধাই ও সরবরাহের বাকি কাজ শেষ করাই এখন বড় চ্যালেঞ্জ।


বইয়ের মান নিশ্চিত করতে নজরদারি জোরদার করেছে এনসিটিবি। নিম্নমানের কাগজ ও ত্রুটিপূর্ণ ছাপা ঠেকাতে এনসিটিবি ও শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ৫৩টি পর্যবেক্ষক দল কাজ করছে। মানদণ্ড পূরণ না করায় বিভিন্ন ছাপাখানার প্রায় সাড়ে ৯ লাখ ফর্মা এবং ১২ হাজারের মতো বই বাতিল করা হয়েছে। ধীরগতিতে কাজ করা ৩২টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।


ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বইয়ের একটি চিত্রে ব্যবহৃত ‘জ্ঞানের পিরামিড’-এর প্রতীক নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় প্রায় ৩৮ লাখ কপি বই সংশোধনের উদ্যোগ নিয়েছে এনসিটিবি। এর মধ্যে প্রায় ১৭ লাখ কপি ইতিমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছিল। সেগুলো ফিরিয়ে এনে সংশোধনের পর আবার পাঠানো হবে। ছাপাখানায় থাকা আরও ২১ লাখ বইয়ের সংশ্লিষ্ট পৃষ্ঠা পরিবর্তন করে পুনরায় ছাপা ও বাঁধাই করা হবে।


এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মওলা এর আগে জানিয়েছিলেন, ৩০ নভেম্বরের মধ্যে সংশোধিত বইগুলো উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় হবে না; সংশ্লিষ্ট ছাপাখানার মালিকেরাই সংশোধন ও পুনরায় ছাপার খরচ বহন করবেন।

শিক্ষা থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.