তিন ছাত্রসংগঠনের আপত্তির মুখে প্রাধ্যক্ষের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
ওই দাবির মধ্যে সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষের পদ থেকে রেজওয়ানা করিমকে অপসারণের বিষয়টিও ছিল।
প্রতিবাদ ও অপসারণের দাবির মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বেগম সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধাকে। তাঁর জায়গায় হলটির নতুন প্রাধ্যক্ষ হিসেবে সাময়িকভাবে নিয়োগ পেয়েছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক রেজা মোহাম্মদ আরিফ।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক এ বি এম আজিজুর রহমানের সই করা এক দাপ্তরিক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে বলা হয়, রেজওয়ানা করিমকে প্রাধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রেজা মোহাম্মদ আরিফকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই দায়িত্ব দেওয়া হয়েছে। যোগদানের দিন থেকেই এ নিয়োগ কার্যকর হবে এবং তিনি প্রচলিত বিধি অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
সম্প্রতি আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে বক্তব্য দেওয়ার অভিযোগে রেজওয়ানা করিমসহ জাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ জানায় ছাত্রদল, ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তি। এর মধ্যে গত ২১ নভেম্বর ছাত্রদল তিন শিক্ষকের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার ও দায় স্বীকারের বিষয়ে তাঁদের স্পষ্ট অবস্থান জানতে চায়।
একই দিনে জাতীয় ছাত্রশক্তি চার শিক্ষকের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত, তদন্তকালীন সাময়িক অব্যাহতি এবং অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থার দাবি তোলে। পরদিন ২২ নভেম্বর চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দেয় ছাত্রশিবির। ওই দাবির মধ্যে সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষের পদ থেকে রেজওয়ানা করিমকে অপসারণের বিষয়টিও ছিল।
তবে প্রাধ্যক্ষের পদ থেকে রেজওয়ানা করিমকে অব্যাহতি দেওয়ার কারণ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাপ্তরিক আদেশে কিছু উল্লেখ করা হয়নি।