প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট
এই তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ
পাঁচ ধাপে ৪ হাজারের বেশি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সভায় কোন ধাপে কতটি ইউপিতে ভোট হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের সভার সিদ্ধান্ত তুলে ধরেন। তিনি জানান, কোন ইউনিয়নে কবে নির্বাচন হবে, সেই তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এই নির্বাচন কমিশনার জানান, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা করা হয়েছে।
ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। আগামী ১০ ডিসেম্বরের আগেই এই সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে ইসির। এ কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল।
আবুল ফজল বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে কমিশনের সভায় আলোচনা হয়েছে। এ মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে মোট তিন দিনে নিবন্ধনের ক্রমানুসারে রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হবে। আগামী ১০ ডিসেম্বরের আগেই এই সংলাপ অনুষ্ঠিত হবে।
স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের দাবি কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এসেছে কি না, তা জানতে চান এক সাংবাদিক। জবাবে আবুল ফজল বলেন, এ ধরনের কোনো দাবি এখনো কমিশনের কাছে আসেনি।
আবুল ফজল বলেন, ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ততা ও কার্যকারিতা বিবেচনা করবে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট বাহিনী কোনো এলাকায় কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারছে কি না এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখতে পারছে কি না, তা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কমিশনের সভায় জাতীয় পরিচয়পত্রের সেবা ও স্মার্ট কার্ড ছাপানোর কাজে চলমান সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়েছে। গত চার-পাঁচ দিন ধরে স্মার্ট কার্ড ছাপানোর সফটওয়্যারে সমস্যা হচ্ছে বলে জানান আবুল ফজল। তবে এ কারণে জাতীয় পরিচয়পত্রের কোনো সেবা বন্ধ নেই বলে দাবি করেন তিনি। এ-সংক্রান্ত সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি।
সভা শেষে জানানো হয়, কোনো নির্বাচনে আর ইলেকট্রনিক ভোটযন্ত্র ব্যবহার করা হবে না। সংরক্ষিত ভোটযন্ত্রগুলো কীভাবে ব্যবস্থাপনা করা হবে, তা নির্ধারণে গঠিত কমিটির কাজের অগ্রগতি সম্পর্কে কমিশনের সভায় আলোচনা হয়েছে।
আবুল ফজল বলেন, ‘এই ভোটযন্ত্রগুলোর নিষ্পত্তির ব্যাপারে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির কাজের অগ্রগতি সম্পর্কে একটি ধারণা কমিশন গ্রহণ করেছেন।’
ভোটযন্ত্র ধ্বংস করার ক্ষেত্রে পরিবেশগত উদ্বেগ এবং এ খাতে আর্থিক ক্ষতির বিষয়ে প্রশ্ন করা হলে আবুল ফজল বলেন, এসব বিষয় এখনো কমিশনের আলোচনায় আসেনি। আগে কমিটির সুপারিশ পাওয়া প্রয়োজন।
এই নির্বাচন কমিশনার বলেন, ভোটযন্ত্র ধ্বংস করার অনেকগুলো পদ্ধতি রয়েছে। সংশ্লিষ্ট কমিটি যখন সুপারিশ করবে, তখন বোঝা যাবে এখানে কোন পদ্ধতি গ্রহণ করা হবে।