পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

দলিল লেখক সমিতিতে আওয়ামী লীগ নেতা সভাপতি, পরদিনই কমিটি বাতিল

এ নিয়ে তিনিও নিজ দলের নেতা-কর্মীদের সমালোচনার মুখে পড়েছেন

প্রতিনিধি টাঙ্গাইল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হুমায়ুন রশীদ আকন্দকে টাঙ্গাইল জেলা দলিল লেখক সমিতির সভাপতি করা হয়
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হুমায়ুন রশীদ আকন্দকে টাঙ্গাইল জেলা দলিল লেখক সমিতির সভাপতি করা হয় | ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে সভাপতি করে জেলা দলিল লেখক সমিতির কমিটি গঠনের এক দিন পর সমালোচনার মুখে তা বাতিল করা হয়েছে। রোববার বাংলাদেশ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক কে এম হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে কমিটি বাতিলের কথা জানানো হয়।


এদিকে যে সমাবেশ থেকে কমিটি ঘোষণা করা হয়েছিল, সেখানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। এ নিয়ে তিনিও নিজ দলের নেতা-কর্মীদের সমালোচনার মুখে পড়েছেন।


জেলা দলিল লেখক সমিতির সদস্যরা জানান, গত শনিবার জেলা রেজিস্ট্রার অফিস চত্বরে সমিতির উদ্যোগে ‘দলিল লেখক সমাবেশের’ আয়োজন করা হয়। এতে সমিতির কেন্দ্রীয় সভাপতি এম এ রশীদ, মহাসচিব কে এস হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন উপজেলার দলিল লেখকেরা সমাবেশে যোগ দেন। একপর্যায়ে জেলা দলিল লেখক সমিতির সভাপতি হিসেবে হুমাযুন রশীদ ওরফে সোনা এবং সাধারণ সম্পাদক হিসেবে খন্দকার জাহিদ হোসেনের নাম ঘোষণা করা হয়। এ সময় সমিতির সদস্যদের একাংশ এর প্রতিবাদ করেন।


সমিতি সূত্রে জানা গেছে, হুমায়ুন রশীদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টাঙ্গাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি। তাঁর বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই আন্দোলনে দুটি হত্যাসহ ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা আছে। তিনি কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন।


সমিতির সদস্য মো. রেজাউল রহমান বলেন, হুমায়ুন রশীদের নাম সভাপতি হিসেবে ঘোষণা করায় তিনিসহ সমিতির সদস্যরা বিস্মিত হয়েছেন। তাই তাঁরা তাৎক্ষণিক এর প্রতিবাদ করেছেন। এই কমিটি তাঁরা প্রত্যাখ্যান করেছেন।


কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। জেলা ছাত্রদলের সদস্য কায়সার রহমান ফেসবুকে জেলা বিএনপির সভাপতির প্রতি ইঙ্গিত করে লেখেন, ‘২৪-এর আগস্টে মারুফ হত্যা মামলার অন্যতম আসামি ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোনা আকন্দর কাছে কত টাকার বিনিময়ে জিয়াউর রহমানের আদর্শকে আপনি বিক্রি করেছেন?’


এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল বলেন, ‘৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ ছিল। সেখানে আমি প্রধান অতিথি ছিলাম। ওই সমিতির কেন্দ্রীয় সভাপতি, মহাসচিব ছিলেন। তাঁরাই কমিটি ঘোষণা করেছেন। দলিল লেখক সমিতির কমিটি গঠন বা ঘোষণার এখতিয়ার আমার নেই।’

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.