শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামা ওবায়েদ এ মন্তব্য করেন
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে দেশটি কোনো আনুষ্ঠানিক শর্ত দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। নয়াদিল্লি এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দিলে বাংলাদেশ তার জবাব দেবে।
সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামা ওবায়েদ এ মন্তব্য করেন।
প্রসঙ্গত, ১২ নভেম্বর বিবিসি বাংলার এক প্রতিবেদনে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের সম্ভাব্য দুটি শর্তের কথা প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে নয়াদিল্লির কর্মকর্তারা দুটি শর্তের আভাস দিয়েছেন। প্রথম শর্ত সম্পর্কে বলা হয়, শেখ হাসিনা ভারতে এসেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক উড়োজাহাজে। তাঁকে ফিরিয়ে নেওয়ার কাজটিও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে।
দ্বিতীয় শর্ত হিসেবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছিল, শেখ হাসিনা যেন তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তাঁর বিচার নতুন করে শুরু করা হয়, সে বিষয়ে বাংলাদেশ সরকারকে নিশ্চয়তা দিতে হবে।
বিবিসির ওই প্রতিবেদন প্রকাশের পর দিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাওয়া হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সোয়াল কোনো মন্তব্য করেননি।
এ বিষয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের আইনে প্রতিবেদনটির (বিবিসির) কোনো ভিত্তি নেই। এটি ভারত সরকারের কোনো দায়িত্বশীল জায়গা থেকে আসেনি। ভারতের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু এলে আমরা তা গ্রহণ করব এবং জবাব দেব। এর বাইরে ভারতের কোথায় কী প্রতিবেদন প্রকাশিত হচ্ছে, তা দেখার সময়ও নেই। সেটি আমাদের বিষয়ও নয়।’
বিবিসির প্রতিবেদনে উল্লিখিত দুই শর্তের বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো পর্যায়ে যোগাযোগ হয়েছে কি না, জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, ‘আমাদের সঙ্গে তাদের এ ব্যাপারে কোনো কথাই হয়নি।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে বর্তমানে বিদেশে অবস্থান করছেন উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘তিনি কীভাবে আসবেন, তা আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। আমরা মনে করি, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অন্য যেকোনো আসামির মতো তিনি এখানে আসবেন এবং এসে সাজা ভোগ করবেন। ভারত যদি সাড়া দেয়, তবে বাংলাদেশের মানুষের জন্য এবং সরকারের জন্য তা সহজ হয়।’
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজনীয়তা রয়েছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
শেখ হাসিনা ইস্যুর চেয়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু হয়েছে। এই সম্পর্ক একটি বিষয় নিয়ে সীমাবদ্ধ নয়। দুই দেশের মধ্যে কিছু অমীমাংসিত বিষয় আছে, যা কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে শামা ওবায়েদ বলেন, ‘অতীতে আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। এখন যে জ্বালাও-পোড়াও করছে, সেটাও আওয়ামী লীগ করছে। এই সন্ত্রাসী দল আগে যা করেছে, এখনো তা-ই করছে। এই সন্ত্রাসী দল যখন আরেকটি দেশে বসে এসব কর্মকাণ্ড পরিচালনা করছে, বাংলাদেশের সরকার হিসেবে আমাদের তা মোকাবিলা করার প্রয়োজন আছে।’
বাংলাদেশ-ভারতের কনস্যুলার সংলাপ নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ-ভারতের কনস্যুলার সংলাপ নিয়ে একটি ভুল তথ্য পত্রিকায় প্রকাশিত হয়েছে। এটি সচিব পর্যায়ে হওয়া প্রয়োজন। সুতরাং দুই পক্ষ থেকেই আমরা এবং তাঁরা বলেছেন, কিছুদিন পরে হলে ভালো হয়।’