পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

ভাইয়ের বিয়েতে নেচে আলোচনায় ঢাবি শিক্ষক মোনামী, বললেন ‘বেশ করেছি’

আপনারা তো কেবল একটি ভিডিও পেয়েছেন। আমি তো মোট পাঁচটি গানে নেচেছি, বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষক।

নিজস্ব প্রতিবেদক ঢাকা
নিজের ফেইসবুকে দেওয়া ছবিতে শেহরীন আমিন ভূঁইয়া
নিজের ফেইসবুকে দেওয়া ছবিতে শেহরীন আমিন ভূঁইয়া | ছবি: সংগৃহীত

ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নিজের নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী বলেছেন, ‘বেশ করেছি’।


সোমবার এক মিনিটের নাচের ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, লেহেঙ্গা পরে একটি হিন্দি গানের সঙ্গে নাচছেন তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নিজের ফেসবুকে একটি পোস্টে ক্ষোভ ও প্রতিক্রিয়া জানান মোনামী।


ওই পোস্টে তিনি লেখেন, 'এমন একটি দেশে, যেখানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, সেখানে আমার ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে করা আমার নাচের ভিডিওটি হয়ে উঠেছে ‘খবর’!'


তিনি আরও বলেন, 'ভিডিওটি আমার এক বন্ধুর শেয়ার করা পোস্ট থেকে নেওয়া (যা আমি পরে আবার শেয়ার করেছিলাম)। আমার ধারণা ছিল, অন্তত আমার বন্ধু তালিকার মানুষগুলো নিরাপদ ও নির্ভরযোগ্য।'


ভিডিওটি ছড়ানোর পেছনে আর্থিক লাভের উদ্দেশ্য থাকতে পারে, এমন ইঙ্গিত করে তিনি লেখেন, 'কী আর করা... হয়তো কিছু টাকা উপার্জনের জন্যই ভিডিওটি সংবাদমাধ্যমের কাছে পৌঁছে দেওয়া জরুরি ছিল, তাই না?'


পোস্টটি ছড়িয়ে দেওয়ার সমালোচনা করে তিনি লেখেন, 'যিনিই এটি করে থাকুন না কেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন তাঁকে এমন হীন পথ অবলম্বন না করিয়ে উপার্জনের আরও সম্মানজনক ও হালাল উপায় দান করেন।'


নিজের শারীরিক গঠন ও বয়স নিয়ে নেতিবাচক মন্তব্যের জবাবে মোনামী লেখেন, 'আর আমার নাচের কথা যদি বলি... আমি জানি, নাচটিকে নান্দনিকভাবে ফুটিয়ে তোলার মতো বয়স বা শারীরিক গঠন আমার নেই। কিন্তু একজন নৃত্যশিল্পীর জন্য বয়স বা শারীরিক গড়নই যে একমাত্র মাপকাঠি, তা কে নির্ধারণ করল?'


তিনি আরও লেখেন, 'আমি কি জানতাম না যে, আমার নাচের ভিডিও ফাঁস হলে রাজনৈতিক অঙ্গনের কিছু মানুষ আমাকে নিয়ে উপহাস করবে? অবশ্যই জানতাম! আমি কি তাতে পাত্তা দিয়েছি? একদমই না!'


নাচ নিয়ে কোনো অনুশোচনা নেই উল্লেখ করে তিনি বলেন, 'এটি ছিল আমার একমাত্র ভাইয়ের গায়ে হলুদ, আর তাঁর এই বিশেষ দিনে আমি সবসময়ই নাচতে চেয়েছিলাম। আমি আবারও একই কাজ করতাম... নেচেছি বলে আমার কোনো লজ্জা বা সংকোচ নেই—এটি ছিল আমার আনন্দ প্রকাশের মাধ্যম!'


সবশেষে তিনি লেখেন, 'আপনারা তো কেবল একটি ভিডিও পেয়েছেন। আমি তো মোট পাঁচটি গানে নেচেছি। বেশ করেছি!'

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.