পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

নিউগিনিতে হামলা-ভাঙচুরে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন

রিমান্ড শেষে আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন

নিজস্ব প্রতিবেদক ঢাকা
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন | ছবি: সংগৃহীত

রাজধানীর ইসিবি চত্বরে ‘নিউগিনি প্রপার্টিজ লিমিটেড’-এর প্রকল্পে ভাঙচুর, লুটপাট ও চুরির মামলায় সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।


রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (ডিএমপি) আমিনুল ইসলাম জুনাইদ শুনানি শেষে দুই হাজার টাকা মুচলেকায় এই জামিন মঞ্জুর করেন। ডিএমপির মামলা পরিচালনা বিভাগের উপপরিদর্শক (এসআই) তারেক রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রিমান্ড শেষে আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।


আদালত সূত্রে জানা গেছে, তিন দিনের রিমান্ড শেষে রোববার মহিউদ্দিনকে আদালতে হাজির করা হয়। ওই দিন মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা বিভাগের (ডিবি) পুলিশ পরিদর্শক জেহাদ হোসেন তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান জামিন চান। শুনানি শেষে আদালত ২৮ অক্টোবর পর্যন্ত জামিন মঞ্জুর করে আদেশ দেন। এদিন রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী শুনানিতে উপস্থিত ছিলেন না।


গত ৩০ সেপ্টেম্বর রমনা থানার সেগুনবাগিচার একটি বাসা থেকে মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১ অক্টোবর আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।


২৬ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের আবাসন প্রকল্প এলাকায় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় একদল লোক। এ সময় তারা এলোপাতাড়ি প্রায় ৫০টি গুলি ছোড়ে এবং রামদা, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।


একপর্যায়ে হামলাকারীরা বিষয়বস্তু নির্মাতা সালমান মুক্তাদিরের স্টুডিওতে ঢুকে ব্যাপক ভাঙচুর করে। সেখান থেকে বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায় তারা। ওই রাতেই সালমান মুক্তাদির ভাঙচুর হওয়া তাঁর স্টুডিও নিয়ে একটি চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে দিলে দেশজুড়ে আলোচনা হয়।


এ ঘটনায় প্রকল্পের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.