পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

মার্কিন বিশেষ দূতের কাছে স্বদেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের

সার্জিও গোর বিভিন্ন ক্যাম্প পরিদর্শনের সময় তাঁরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ব্যানার-পোস্টার প্রদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন

প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সফরের সময় নিজ দেশে ফেরার দাবিতে রোহিঙ্গারা মানববন্ধন করছেন।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সফরের সময় নিজ দেশে ফেরার দাবিতে রোহিঙ্গারা মানববন্ধন করছেন। | ছবি: পদ্মা ট্রিবিউন

রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি ও আশ্রয়শিবিরের মানবিক অবস্থা পর্যবেক্ষণ করতে কক্সবাজারের উখিয়া সফর করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। এসময় মার্কিন দূতের কাছে নিজ দেশে নিরাপদে ও সম্মানের সঙ্গে ফিরে যাওয়ার দাবি জানিয়েছেন রোহিঙ্গারা।


শুক্রবার শিবিরের ভেতরের পরিবেশ সরেজমিনে দেখার সময় পথপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন রোহিঙ্গারা। তাঁদের হাতে থাকা বিভিন্ন বার্তায় লেখা ছিল, ‘আপনার নিজের বাড়ি আছে, কিন্তু আমরা আমাদের বাড়িকে মিস করি।’ এসব ব্যানার-পোস্টারের মাধ্যমে তাঁরা মিয়ানমারে নাগরিক অধিকার, নিরাপত্তা ও আত্মমর্যাদা নিয়ে স্বেচ্ছায় ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, সফরকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খলভাবে নিজেদের দীর্ঘদিনের মৌলিক দাবিগুলো তুলে ধরেন রোহিঙ্গারা। তাঁরা এই সংকট নিরসনে বিশ্বনেতাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


শিবিরসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরকালে মার্কিন প্রতিনিধি দল রোহিঙ্গাদের জীবনযাত্রা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সার্বিক সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণ করে। পরে তিনি আন্তর্জাতিক সংস্থা ও দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে চলমান মানবিক সাহায্য এবং প্রত্যাবাসন প্রক্রিয়ার নানা দিক নিয়ে আলোচনা হয়।


রোহিঙ্গা নেতা মো. জুবায়ের বলেন, ‘আমরা বছরের পর বছর অনিশ্চিত জীবন কাটাচ্ছি। আমাদের একমাত্র দাবি, নাগরিক অধিকার ও সুরক্ষার নিশ্চয়তা নিয়ে নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়া। বাংলাদেশ আমাদের আশ্রয় দিয়ে যে মানবিকতার পরিচয় দিয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু কেউ অনির্দিষ্টকালের জন্য শরণার্থী হয়ে থাকতে চায় না। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.