গোপালগঞ্জে আরও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোনে নজরদারি এবং জেলার গুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তায় সাঁজোয়া যান (এপিসি) মোতায়েন করা হয়েছে।
গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোনে নজরদারি এবং জেলার গুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তায় সাঁজোয়া যান (এপিসি) মোতায়েন করা হয়েছে।
আজ মঙ্গলবার বিজিবির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবারও জেলাটির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল।
এর আগে গত রোববার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জ জেলা শহর। ওই দিন সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন দলটির নেতা-কর্মীরা। এ সময় পুলিশের ব্যারিকেড ভাঙচুর, একটি সুপারশপের কাচ ভাঙচুর ও বিভিন্ন স্থানে টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার পর সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল, ভ্যান, বাস ও ট্রাকে করে নেতা-কর্মীরা শহরে আসতে শুরু করেন এবং শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হন। পরে দুপুর ১২টার দিকে সেখান থেকে একটি মিছিল বের করা হয়।
লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা অতিক্রম করে মিছিলটি পুলিশের ব্যারিকেড ভেঙে শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করে। এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও দলের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলে বিপুলসংখ্যক নেতা-কর্মীর পাশাপাশি নারীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল এবং অনেকের হাতে লগি-বৈঠা দেখা যায়।
মিছিল চলাকালে শহরের ‘এফএনএফ’ নামের একটি সুপারশপের কাচ ভাঙচুর এবং বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালানো হয়। দুপুর একটার দিকে নেতা-কর্মীরা নিজ নিজ অবস্থানে ফিরে যান। এ ছাড়া এই দিন গোপালগঞ্জ সরকারি কলেজের নাম পরিবর্তন করে আগের নাম ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদী চত্বরের’ নাম পরিবর্তন করে ‘জয় বাংলা চত্বর’ করা হয়।
এদিকে গোপালগঞ্জের ঘটনার পর জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া হবিগঞ্জের ডিসি ড. জি এম সরফরাজকে গোপালগঞ্জের নতুন ডিসি হিসেবে বদলি করা হয়। রোববার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অন্যদিকে গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকে ফেনীর এসপি পদে এবং ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি হিসেবে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।