পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

বৃষ্টি বাড়তে পারে, ১৫ অঞ্চলে ঝড়ের আভাস

আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টির এই প্রবণতা আরও বাড়তে পারে। এ ছাড়া আজ বুধবার দেশের ১৫টি অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে।

নিজস্ব প্রতিবেদক ঢাকা
বৃষ্টি বাড়তে পারে, ১৫ অঞ্চলে ঝড়ের আভাস
ফাইল ছবি

আষাঢ়ের শুরু থেকেই বেশ গরম পড়ছিল। কোনো কোনো অঞ্চলে তাপপ্রবাহও বয়ে গেছে। তবে গতকাল মঙ্গলবার থেকে সারা দেশে বৃষ্টির মাত্রা বেড়েছে।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টির এই প্রবণতা আরও বাড়তে পারে। এ ছাড়া আজ বুধবার দেশের ১৫টি অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে।


আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে।


এদিকে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আজ সকালের পূর্বাভাসে বলা হয়েছে, দুপুরের মধ্যে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে হবে।


এদিকে আজ মধ্যরাত থেকে ঢাকা ও আশপাশের অঞ্চলে বৃষ্টি হয়েছে। সকালের দিকেও রাজধানী ঢাকার আকাশ মেঘলা রয়েছে।


আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের অঞ্চলে আজ বেলা ১টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে বজ্রপাতও হতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এর ফলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।


আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৫ মিনিটে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

How did this article make you feel?

Related Articles

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.