মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-গুলি, একজন নিহত
আসন্ন ইউপি নির্বাচনে এক পক্ষ থেকে আওলাদ হোসেন এবং অপর পক্ষ থেকে রহিম মোল্লা চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। এ নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব চলছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলিতে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সেলিম মোল্লা (৪৬)। তিনি মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। সংঘর্ষে গুলিবিদ্ধসহ আরও কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ একজনের পরিচয় পাওয়া গেছে।
তিনি নিহত সেলিমের খালাতো ভাই সবুজ মোল্লা (২৮)। তিনি চরডুমুরিয়া গ্রামের লোকমান মোল্লার ছেলে। এ ছাড়া আবদুর রহমান নামে চার বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুটি পক্ষ রয়েছে। এক পক্ষের নেতৃত্বে আছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও ফ্রান্সপ্রবাসী বিএনপি নেতা রহিম মোল্লা। অপর পক্ষের নেতৃত্বে আছেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আহমেদ ও ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন।
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, আসন্ন ইউপি নির্বাচনে এক পক্ষ থেকে আওলাদ হোসেন এবং অপর পক্ষ থেকে রহিম মোল্লা চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। এ নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব চলছে।
এর আগে গত ১২ নভেম্বর বিএনপির এই দুই পক্ষ অস্ত্রশস্ত্র ও ককটেল নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছিল। সেদিন চারজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছিলেন। এর আগে গত বছরের নভেম্বরে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে তিনজন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যখন যে দল ক্ষমতায় থাকে, মোল্লাকান্দি ইউনিয়নে বসবাসকারী সেই দলের নেতারা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষে বিভক্ত হয়ে পড়েন। নিজেদের সমর্থকদের নিয়ে তাঁরা সংঘর্ষে জড়ান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলেও দুটি পক্ষ ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও মারামারির ঘটনা ঘটছে।
স্থানীয় সূত্র ও নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সকালে রহিম মোল্লার লোকজন চরডুমুরিয়া গ্রামে এসে অতর্কিতে হামলা করেন। পরে আওলাদের লোকজন পাল্টা হামলা করেন। একপর্যায়ে কংসপুরা, চরডুমুরিয়া, সামারচর, রাজারচর, আসুরান, পূর্ব মাকাহাটি ও মোল্লাকান্দি গ্রামে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় পাল্টাপাল্টি হামলা, ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে। সংঘর্ষে সেলিম মোল্লাসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আতাউর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে সেলিম মোল্লা নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর ডান হাত ক্ষতবিক্ষত ছিল। এ ছাড়া গুলিবিদ্ধসহ আরও দুজন হাসপাতালে আসেন। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।
আওলাদ হোসেন বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে তাঁরা এলাকাছাড়া ছিলেন। এক মাস আগে তাঁর লোকজন এলাকায় ফেরেন। এরপর থেকে রহিম মোল্লার লোকজন একের পর এক হামলা চালাচ্ছেন। বৃহস্পতিবার ভোরে তাঁদের লোকজন নিজ নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় রহিম মোল্লার লোকজন তাঁদের ওপর হামলা চালিয়ে একজনকে হত্যা করেছেন। একজন নিখোঁজ রয়েছেন। আরও অনেকে আহত হয়েছেন।
অভিযোগের বিষয়ে কথা বলতে রহিম মোল্লার মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। এ বিষয়ে রহিম মোল্লার পক্ষের নেতা ও মোল্লাকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জিয়াউর রহমানকে ফোন করলে তিনি এলাকায় নেই বলে জানান। সংঘর্ষের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন তিনি।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, আধিপত্য বিস্তার ও আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, নিহত সেলিম মোল্লার স্বজনেরা আহাজারি করছেন। নিহত সেলিমের ছোট বোন ফাহিমা আক্তার বলেন, ‘আমার ভাই কোনো পক্ষের রাজনীতি করতেন না। আওলাদ কিংবা রহিম মোল্লা—কারও পক্ষেই ছিলেন না। তিনি রিকশা চালিয়ে সংসার চালাতেন।’
ফাহিমা আক্তার অভিযোগ করে বলেন, তাঁর ভাই সকালে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। চরডুমুরিয়া বাজারের কাছাকাছি যেতেই রহিম মোল্লার লোকজন গুলি ও ককটেল বিস্ফোরণ করে তাঁকে হত্যা করেন।
ফাহিমা আরও বলেন, মোল্লাকান্দিতে দুই পক্ষের বিরোধে দিনের পর দিন মানুষ মারা যাচ্ছেন। এতে তাঁরা সব সময় আতঙ্কে থাকেন। এই হত্যাকাণ্ডের জন্য রহিম মোল্লা ও আওলাদ হোসেনকে দায়ী করে তাঁদের বিচারের দাবি জানান তিনি।