লক্ষ্মীপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের প্রতিবাদ ও আইসিটি ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মজুচৌধুরীর হাট সড়ক এবং রামগতি উপজেলায় মিছিল করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
মিছিলগুলোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে।
একটি ভিডিওতে দেখা যায়, লক্ষ্মীপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জায়েদ ইবনে মিরাজের নেতৃত্বে মজুচৌধুরীর হাট সড়কে নেতা-কর্মী মিছিল করছেন। এ ছাড়া রামগতি উপজেলার প্রত্যন্ত এলাকায় উপজেলা ও কলেজ ছাত্রলীগের ব্যানারে মিছিল করা হয়।
ভিডিওতে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার জন্য, বাংলাদেশ ধন্য’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’—স্লোগান দিতে দেখা যায় নেতা-কর্মীদের। এ ছাড়া ব্যানারে লেখা ছিল—গোপালগঞ্জে গণহত্যার বিচার, শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ বিচারের রায় ও অবৈধ আইসিটি ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল।
এ ব্যাপারে জানতে চাইলে সদর থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, ‘মিছিলের বিষয়টি শুনেছি। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
রামগতি থানার ওসি লিটন দেওয়ান বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলে নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করেছে। ঘটনাটি ঘটেছে সকালে। তাদের গ্রেপ্তারে আমরা কাজ করছি।’