উৎসবমুখর পরিবেশে রথযাত্রা, ভক্তদের ঢল
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে রাজধানীতে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা। বিপুলসংখ্যক ভক্তের অংশগ্রহণে আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে রাজধানীর স্বামীবাগ আশ্রম থেকে রথযাত্রা শুরু হয়। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) ঢাকায় এই রথযাত্রার আয়োজন করেছে।
রথযাত্রা স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, হাইকোর্ট, রমনা কালীমন্দির অভ্যর্থনা, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হল ও পলাশী মোড় হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে পৌঁছাবে।
নানা আয়োজনে ইসকন নয় দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবের আয়োজন করেছে। এর আগে আজ সকাল আটটায় বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
বেলা দেড়টায় স্বামীবাগ ইসকন মন্দির অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে আড়াইটার দিকে রথযাত্রার উদ্বোধন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক নিতাই স্বামী। এতে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন মজুমদার, ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি গোকুল ভি কে, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল, বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু ও ইসকন বাংলাদেশের যুগ্ম সম্পাদক গৌরাঙ্গ দাস।
এদিকে রথযাত্রা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নিরাপত্তার অংশ হিসেবে রথযাত্রায় টহল দল, সিসিটিভি ক্যামেরা, ফুট পেট্রল, বাইক মোবাইল টিম, গোয়েন্দা বিভাগ (ডিবি) ও ট্রাফিক পুলিশ তৎপর রয়েছে বলে জানানো হয়েছে। এ ছাড়া শোভাযাত্রাসহ উৎসবের নিরাপত্তায় ইসকনের পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন।
আয়োজনের নবম দিনে ২৪ জুলাই বেলা তিনটায় একই পথে উল্টো রথযাত্রা ঢাকেশ্বরী মন্দির থেকে স্বামীবাগ আশ্রমে ফিরে আসবে।