পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

তারেক রহমানকে নিয়ে পোস্ট, এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুক পোস্টে জানান

নিজস্ব প্রতিবেদক ঢাকা
গাজী সালাউদ্দিন তানভীর
গাজী সালাউদ্দিন তানভীর | ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি থেকে অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে রাজধানীর মনিপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে বগুড়া জেলা পুলিশ।


প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় গত ৩১ জুলাই এনসিপি থেকে গাজী সালাউদ্দীন তানভীরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। ২ আগস্ট তাঁর নামে সাইবার সুরক্ষা আইনে বগুড়া সদর থানায় মামলা হয়।


সালাউদ্দীনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজ আলম। তিনি বলেন, বগুড়া সদর থানা বিএনপির সভাপতি এইচ এস মাফুতুন আহমেদ খান বাদী হয়ে মামলাটি করেন। ভোর চারটার দিকে রাজধানীর মনিপুর এলাকা থেকে সালাউদ্দীনকে গ্রেপ্তার করা হয়। তাঁকে বগুড়ায় নিয়ে আদালতে হাজির করা হবে।


এদিকে গাজী সালাউদ্দীন তানভীরকে গ্রেপ্তারের প্রতিক্রিয়া জানিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তাঁর ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি অভিযোগ করেন, গাজী সালাউদ্দীনের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার পরও বিএনপি ও পুলিশ ক্ষমতা দেখিয়েছে। হবিগঞ্জ ও সিলেটে সম্প্রতি সংঘটিত হামলার প্রসঙ্গ টেনে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে এক লাইনের একটি পোস্ট দিয়েছিলেন। পরে দলের পক্ষ থেকে আপত্তি জানানো হলে তিনি পোস্টটি মুছে ফেলেন। পাশাপাশি ফেসবুকে দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও অঙ্গীকার করেন। তারপরও তাঁকে গ্রেপ্তার করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।


এর আগে ২০২৫ সালের ২১ এপ্রিল ডিসি নিয়োগ-বাণিজ্য এবং পাঠ্যবই ছাপার কাগজে কমিশন-বাণিজ্যের অভিযোগ ওঠায় গাজী সালাউদ্দীন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে অব্যাহতির আদেশ প্রত্যাহার করে নেওয়া হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

How did this article make you feel?

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.