এলডিসি উত্তরণ অর্থনীতির জন্য নতুন চ্যালেঞ্জ, উদ্বেগ রফতানি খাতে
বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা এবং আন্তর্জাতিক বাণিজ্যের পরিবর্তিত পরিস্থিতিতে এই অতিরিক্ত সময়কে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে সরকার।
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন হলেও, পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে উদ্বেগ বাড়ছে। এলডিসি-পরবর্তী সময়ে শুল্কমুক্ত বাজার সুবিধা হারানো, আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়া, ঋণের খরচ বৃদ্ধি এবং রপ্তানিতে তীব্র প্রতিযোগিতার মতো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে পারে দেশের সামষ্টিক অর্থনীতি। নীতিনির্ধারক, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা স্বল্পমেয়াদে এমন আশঙ্কার কথা জানিয়েছেন।
এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে জাতিসংঘে এলডিসি উত্তরণের সময়সীমা আরও তিন বছর বাড়িয়ে ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত করার আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে সরকার। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা এবং আন্তর্জাতিক বাণিজ্যের পরিবর্তিত পরিস্থিতিতে এই অতিরিক্ত সময়কে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে সরকার।
এদিকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান জানান, এলডিসি-পরবর্তী প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এখনই দ্রুত অর্থনৈতিক সংস্কার, দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশের রপ্তানি ও বিনিয়োগ খাত বড় ধরনের চাপের মুখে পড়তে পারে।
বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ ঘটলে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির ওপর চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ মূল্যস্ফীতি, ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি, ব্যাংক খাতের খেলাপি ঋণ, বৈদেশিক মুদ্রার সংকট এবং বিনিয়োগে স্থবিরতার কারণে দেশের অর্থনীতি এমনিতেই দুর্বল অবস্থায় রয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বর্তমান সংকটের মধ্যেই যদি এলডিসি হিসেবে পাওয়া আন্তর্জাতিক বাণিজ্য ও উন্নয়ন সুবিধাগুলো একযোগে উঠে যায়, তবে অর্থনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে জ্বালানি তেলের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। একই সময়ে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের বাজারে প্রতিযোগী দেশগুলো যদি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করে ফেলে, তবে বাংলাদেশের তৈরি পোশাকসহ প্রধান প্রধান রপ্তানি পণ্য বড় ধরনের বাজার হারানোর ঝুঁকিতে পড়বে।
এ ছাড়া শিশুশ্রম, জোরপূর্বক শ্রম ও অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের কঠোর নীতির কারণেও বাংলাদেশের রপ্তানি খাতে নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।
বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৫ শতাংশই আসে তৈরি পোশাক খাত থেকে। বর্তমানে এলডিসি বা স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন বৈশ্বিক বাজারে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাচ্ছে। তবে এলডিসি থেকে উত্তরণের পর এই বিশেষ সুবিধাগুলোর একটি বড় অংশই শেষ হয়ে যাবে। ফলে প্রতিযোগী দেশগুলোর তুলনায় রপ্তানি খরচ বৃদ্ধির পাশাপাশি রুলস অব অরিজিন, স্থানীয় মূল্য সংযোজন ও ডাবল স্টেজ ট্রান্সফরমেশনের মতো কঠোর শর্ত পূরণ করা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
এই বাস্তবতায় দেশীয় টেক্সটাইল ও স্পিনিং শিল্পকে এলডিসি-পরবর্তী সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) তথ্য অনুযায়ী, শুধু প্রাইমারি টেক্সটাইল খাতেই দেশে প্রায় ৩২ বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে। স্থানীয়ভাবে সুতা ও কাপড় সরবরাহ করে এই শিল্প পোশাক খাতকে প্রতিযোগিতামূলক রাখছে এবং বছরে প্রায় ৮... বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছে। তবে সম্প্রতি সুতা আমদানি দ্রুত বাড়ায় দেশীয় স্পিনিং মিলগুলো চাপে পড়েছে। উদ্যোক্তাদের আশঙ্কা, এখনই নীতিগত সহায়তা না দিলে স্থানীয় শিল্প দুর্বল হয়ে পোশাক খাত আমদানিনির্ভর হয়ে পড়বে। এতে উৎপাদন খরচ বেড়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা কমে যাবে।
এদিকে এলডিসি উত্তরণের ফলে আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা ও সহজ শর্তের ঋণ ধীরে ধীরে কমে যাবে এবং বৈদেশিক ঋণের সুদ ও পরিশোধের খরচ বাড়বে। অর্থ মন্ত্রণালয়ের মতে, এর ফলে অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ খাতে সরকারের উন্নয়ন ব্যয় সংকুচিত হতে পারে। অন্যদিকে দেশের ব্যাংক খাতে রেকর্ড খেলাপি ঋণ ও তারল্য সংকটের কারণে নতুন শিল্পে ঋণ বিতরণ সীমিত হয়ে পড়েছে, যা বেসরকারি বিনিয়োগের গতিকে মন্থর করছে।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ এলডিসি উত্তরণের সময়সীমা আরও তিন বছর বাড়ানোর আবেদন করেছে। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) অধিবেশনে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘অতিরিক্ত এই সময় কোনো বিলাসিতা নয়; বরং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন এবং টেকসই উত্তরণের জন্য এটি অপরিহার্য।’ রাজনৈতিক, অর্থনৈতিক ও বৈশ্বিক অভিঘাতের কারণে বাংলাদেশ ও নেপালের মতো দেশগুলোর প্রস্তুতির জন্য আরও সময় প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান মনে করেন, ২০২৬ সাল দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। রপ্তানি ও প্রবাসী আয় অর্থনীতিকে কিছুটা সচল রাখলেও শিল্প খাতের ধীরগতি, জ্বালানি সংকট ও বিনিয়োগ কমে যাওয়ার সমস্যাগুলো দ্রুত সমাধান করতে হবে। তাঁর মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংক খাতের সংস্কার, জ্বালানি নিরাপত্তা, রাজস্ব বৃদ্ধি এবং ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনা এখন সবচেয়ে জরুরি। একই সঙ্গে এলডিসি-পরবর্তী বিশ্ববাজারে টিকে থাকতে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যসহ প্রধান বাণিজ্য অংশীদারদের সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদন করার ওপরও তিনি জোর দেন। এ ছাড়া বাণিজ্য সহজ করতে ঢাকা-চট্টগ্রামের মধ্যে আধুনিক এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ এবং নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অর্থনীতি, পর্যটন ও সমুদ্রভিত্তিক অর্থনীতিতে নতুন বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
অর্থনীতিবিদদের মতে, এলডিসি থেকে উত্তরণ বাংলাদেশের জন্য যেমন মর্যাদার, তেমনি এটি একটি কঠিন পরীক্ষাও। শুল্ক সুবিধা হারানোর ধাক্কা সামলাতে রপ্তানি বহুমুখীকরণ, নতুন বাজার সৃষ্টি, ব্যাংকিং খাতের সংস্কার এবং বিশেষ করে তৈরি পোশাক শিল্পের শক্তিশালী ব্যাকওয়ার্ড লিংকেজ ও স্পিনিং শিল্পকে টিকিয়ে রাখার কোনো বিকল্প নেই। সঠিক সময়ে প্রয়োজনীয় সংস্কার ও বাণিজ্য কৌশল বাস্তবায়ন করা না গেলে এই উত্তরণ সাময়িক সংকট তৈরি করতে পারে। তবে সঠিক প্রস্তুতি নিলে এই চ্যালেঞ্জই ভবিষ্যতে দেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।
How did this article make you feel?
Related Articles
চট্টগ্রাম বন্দরে ২৫০ উচ্চ ঝুঁকির কনটেইনারের খোঁজ মিলছে না
Jul 07, 2026
2 shared tags
ফটিকছড়ির ছয় ইউনিয়নে হরতাল, সড়কে নেই যানবাহন
Jul 16, 2026
1 shared tag
গোপালগঞ্জে সর্তক প্রশাসন, স্বাভাবিক জনজীবন
Jul 16, 2026
1 shared tag
বন্যার ক্ষতিতে ৬ জেলার ৪০ হাজার হেক্টর জমির ফসল, দিশেহারা কৃষকেরা
Jul 16, 2026
1 shared tag