পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও
Home / বাংলাদেশ / পাবনায় সমকামীর সংখ্যা ১৬০০ ছাড়িয়েছে, এইডসে আক্রান্ত ১৬ জন
বাংলাদেশ

পাবনায় সমকামীর সংখ্যা ১৬০০ ছাড়িয়েছে, এইডসে আক্রান্ত ১৬ জন

প্রতিনিধি পাবনা

প্রতিনিধি পাবনা

1 min · 0 words · 64
পাবনা জেনারেল হাসপাতালের সভাকক্ষে বুধবার আয়োজিত কর্মশালায় জেলায় এইচআইভি (হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস)  সংক্রমণের বর্তমান পরিস্থিতি ও ঝুঁকি নিয়ে তথ্য তুলে ধরে হাসপাতালের ‘কী পপুলেশনস (কেপি) সেন্টার’ । ছবি: পদ্মা ট্রিবিউন
পাবনা জেনারেল হাসপাতালের সভাকক্ষে বুধবার আয়োজিত কর্মশালায় জেলায় এইচআইভি (হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস) সংক্রমণের বর্তমান পরিস্থিতি ও ঝুঁকি নিয়ে তথ্য তুলে ধরে হাসপাতালের ‘কী পপুলেশনস (কেপি) সেন্টার’ । ছবি: পদ্মা ট্রিবিউন

পাবনায় শিক্ষার্থীসহ বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি বা এইডস সংক্রমণের ঝুঁকি উদ্বেগজনক হারে বাড়ছে। জেলায় সমকামীসহ উচ্চঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা কয়েক হাজারে পৌঁছেছে। এর মধ্যে শুধু সমকামী জনগোষ্ঠীর সদস্যই রয়েছেন ১ হাজার ৬০০ জনের বেশি। ফলে এইচআইভি সংক্রমণ আরও বিস্তারের আশঙ্কা দেখা দিয়েছে।


জেলায় এখন পর্যন্ত ১৬ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সাতজন সমকামী জনগোষ্ঠীর সদস্য।


বুধবার দুপুরে পাবনা জেনারেল হাসপাতালের সভাকক্ষে সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় হাসপাতালের ‘মূল ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী (কেপি) কেন্দ্র’ এসব তথ্য তুলে ধরে।


‘বাংলাদেশে মানবাধিকার ও এইচআইভি: গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় পাবনার এইচআইভি পরিস্থিতি, ঝুঁকি ও করণীয় বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন এই কেন্দ্রের প্রধান দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মনিরুজ্জামান ও কেন্দ্র ব্যবস্থাপক চিকিৎসক আহসানুল কবির।


যেসব জনগোষ্ঠী বেশি ঝুঁকিতে

কর্মশালায় চিকিৎসক মনিরুজ্জামান বলেন, পাবনায় মূলত ইনজেকশনের মাধ্যমে শিরায় মাদক গ্রহণকারী, নারী ও পুরুষ যৌনকর্মী, সমকামী এবং হিজড়া জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি সংক্রমণের ঝুঁকি বেশি। কেন্দ্রের তথ্য অনুযায়ী, বর্তমানে জেলায় উচ্চঝুঁকিতে থাকা সমকামী রয়েছেন ১ হাজার ৬১৫ জন, পুরুষ যৌনকর্মী ৯০৮ জন, নারী যৌনকর্মী ৭৬৫ জন, শিরায় মাদক গ্রহণকারী ৪৮৪ জন এবং হিজড়া জনগোষ্ঠীর সদস্য ১১০ জন।


তিনি আরও জানান, এ পর্যন্ত শনাক্ত ১৬ জন এইচআইভি আক্রান্ত ব্যক্তির মধ্যে সবচেয়ে বেশি সাতজন সমকামী জনগোষ্ঠীর সদস্য।


কেন্দ্রের ব্যবস্থাপক চিকিৎসক আহসানুল কবির বলেন, বিপুলসংখ্যক ঝুঁকিপূর্ণ মানুষের মধ্যে সংক্রমণ প্রতিরোধে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।


কর্মশালায় এইচআইভি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবার আওতায় আনা এবং সমন্বিত প্রতিরোধ কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেন বক্তারা।


অনুষ্ঠানে পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক রফিকুল হাসান, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, পাবনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলম, কোষাধ্যক্ষ প্রবীর কুমার সাহাসহ জেলার ছাপা, ইলেকট্রনিক ও ডিজিটাল গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Share: Twitter Facebook

How did this article make you feel?

Related Articles

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.