রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের তিন কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ
তবে পেট্রলবোমা নিক্ষেপে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহীতে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া একটার দিকে নগরের বনলতা আবাসিক এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের জোনাল অফিস, জোনাল অডিট অফিস ও বিভাগীয় প্রধান কার্যালয়ে এ হামলা চালানো হয়।
একই ভবনে ব্যাংকটির তিনটি কার্যালয় অবস্থিত। তবে পেট্রলবোমা নিক্ষেপে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হেলমেট পরা দুই যুবক এসে ভবনটি লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ছেন। এ সময় সেখানে থাকা আরও অন্তত দুজন ভিডিও ধারণ করেন এবং ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। পরপর তিনটি বোমা নিক্ষেপের পর বারান্দায় আগুন ধরে যায়। পরে হামলাকারীরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় মামলা না হলেও পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে বলেও জানান তিনি।