পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

আশুলিয়ায় যুবলীগের ঝটিকা মিছিল, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

পরবর্তীতে অভিযান চালিয়ে আশুলিয়া থানা ছাত্রলীগের সহ-সভাপতি ও রিকশা শ্রমিক লীগের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রতিনিধি সাভার
যুবলীগের মিছিল
যুবলীগের মিছিল | ছবি: ভিডিও থেকে নেওয়া

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে ঢাকার আশুলিয়ায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ। মিছিল থেকে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। পরবর্তীতে অভিযান চালিয়ে আশুলিয়া থানা ছাত্রলীগের সহ-সভাপতি ও রিকশা শ্রমিক লীগের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শুক্রবার বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম। এর আগে দুপুরে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকা থেকে সরকার মার্কেট পর্যন্ত এ মিছিল অনুষ্ঠিত হয়।


স্থানীয় সূত্র ও ঘটনার ভিডিও থেকে জানা গেছে, জুমার নামাজের পর আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ কবির হোসেন সরকারের সৌজন্যে একটি মিছিল বের করেন নেতাকর্মীরা। যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে অবৈধ দাবি করে তারা বিভিন্ন সরকারবিরোধী ও দলীয় স্লোগান দেন। মিছিলটি নরসিংহপুর থেকে সরকার মার্কেটের দিকে যাওয়ার সময় পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


তবে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ। ঘটনার স্থানে এমন কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— আশুলিয়া থানা ছাত্রলীগের সহ-সভাপতি খলিল প্রধান এবং থানা রিকশা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোশাররফ। গ্রেপ্তার অপরজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.